নবনীতার সম্পর্কে ভাঙনের কথা প্রকাশের পরেই জিতুর পোস্ট দেখে হতবাক দর্শক, নিছক মান অভিমান নাকি সম্পর্কে ভাঙন!

বৃহস্পতিবার দুপুরেই আচমকাই একটা পোস্ট। সোশ্যাল মিডিয়ায় কার্যত বোমা ফাটালেন অভিনেত্রী নবনীতা দাস। এক পোস্টে জানালেন, সম্পর্কে চিড় ধরেছে তাঁদের। সঙ্গে এও জানালেন তাঁরা নাকি আর একসঙ্গে নেই। হতবাক ভক্তরা। বিগত এক বছর ধরে যে জল্পনা চলছে তাই তবে সত্যি হল? এই তো কয়েক মাস আগে জিতুর বিদেশ সফরে সঙ্গী হয়েছিলেন তিনি। এর মধ্যে কী এমন হল যে বিচ্ছেদ অবধি গড়াল?
বৃহস্পতিবার নবনীতা ফেসবুকে লেখেন, “টেবিলে দুটো প্লেট একসঙ্গে থাকবে না। টাওয়েল, সানস্ক্রিনের ভাগাভাগি হবে না। জানি এই পরিস্থিতি সামলানোর জন্য আমায় প্রস্তুত করে দিয়েছ তুমি। আমরা দু’জন দু’জনের সঙ্গে ভাল নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এই সব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয় এই ভাবেই হোক। ভাল থেকো জিতু।”
অভিনেত্রী পোস্টের খানিক পরেই ২০২০ এর নবনীতাকে নিয়ে নিজেরই লেখা একটি পোস্ট শেয়ার করে তার ক্যাপশনে জিতু লিখলেন, “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো। আগামীতে তাই করবো, বাচ্চা বউ। মিডিয়া বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী, একটু বোঝো তোমরা।” আর এটা দেখার পরেই সংশয়ে পড়েছেন ভক্তরা। সত্যি কি ভাঙ্গন ধরেছে দুজনের মধ্যে? এইবার দর্শকদের এই সংশয় দূর করে দেয় সংবাদ মাধ্যমকে বলা নবনীতার কিছু কথা।

এ প্রসঙ্গে নবনীতা এক সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা তিন মাস ধরেই আলাদা ছিলাম। এখন আমার পক্ষেও এটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। মতের মিলও হচ্ছিল না অনেক বিষয়ে। জিতুর জীবনে কোনও সমস্যা হচ্ছে কি না, বলতে পারব না। কিন্তু আমার হচ্ছিল। এই সিদ্ধান্তের আগেই আমার লন্ডন যাওয়া ঠিক হয়ে গিয়েছিল। এটা যে হেতু আমার প্রথম বিদেশ ভ্রমণ, টিকিট বাতিল করলে যদি পরবর্তী কালে কোনও সমস্যা হয়, তাই আমরা আর এই ট্রিপটা বাতিল করিনি।”
নবনীতা আরো বলেন, ‘কোথাও কিছু একটা বলে হালকা হতে চাইছিলাম। তাই ফেসবুক পোস্টটা করেছি। আরও তিন মাস আমরা আলাদা থাকব। সম্ভবত অগাস্টেই ডির্ভোসের ডেট ফাইনাল হবে।’ গত ৬ মে ছিল জিতু-নবনীতার বিবাহবার্ষিকী। যদিও সেই দিনও কোন স্পেশাল মহূর্তের ছবি শেয়ার করেন নি। তবে এখনো অভিনেতা-অভিনেত্রীর দু’রকম মন্তব্যে কিছুই পরিষ্কার নয় যে এটা শুধুই মান অভিমান নাকি ভাঙ্গনের পথে তাদের বিবাহ।

