চির বিদায় জানালেন শব্দের জাদুকর! স্তব্ধ বাংলা সাহিত্য! প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়!

বাংলা সাহিত্যের আকাশ থেকে যেন এক উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়ল। প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, যিনি পাঠকমনে ‘শংকর’ নামেই চিরপরিচিত। শুক্রবার দুপুর ১টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে ভর্তি ছিলেন, মস্তিষ্কে টিউমারের সঙ্গে লড়াই করছিলেন। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা সাহিত্য জগতে, স্তব্ধ হয়ে যায় অগণিত পাঠক হৃদয়।
সাহিত্যিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলা সাহিত্য এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। তাঁর সৃষ্টিগুলি শুধু গল্প নয়, সময়ের দলিল। সাধারণ মানুষের জীবনসংগ্রাম, স্বপ্ন আর না বলা অনুভূতির কথা বারবার উঠে এসেছে তাঁর লেখায়। স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর গবেষণা ও রচনাও বাঙালির সাংস্কৃতিক সম্পদের অমূল্য অংশ হয়ে থাকবে চিরকাল।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহরের বনগ্রামে জন্ম তাঁর। ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে শিক্ষকতা থেকে হাইকোর্ট সংলগ্ন বিভিন্ন কাজে যুক্ত থাকলেও লেখালেখির প্রতি আকর্ষণ ছিল অটুট। প্রথম উপন্যাস কত অজানারে দিয়ে সাহিত্যজগতে পথচলা শুরু, আর চৌরঙ্গী তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন তিনি।
তাঁর সাহিত্যকীর্তির অনেকটাই জায়গা করে নিয়েছে চলচ্চিত্রেও। সীমাবদ্ধ এবং জনঅরণ্য উপন্যাস অবলম্বনে ছবি নির্মাণ করেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। এই দুই উপন্যাস এবং ‘আশা আকাঙ্ক্ষা’ মিলিয়ে তাঁর বিখ্যাত ট্রিলজি ‘স্বর্গ মর্ত পাতাল’ বাংলা সাহিত্যে এক অনন্য মাইলফলক। সত্তর ও আশির দশকের পাঠকপ্রজন্ম প্রত্যক্ষ করেছে এই বইগুলির অসাধারণ জনপ্রিয়তা।
আরও পড়ুনঃ গল্প অসম্পূর্ণ রেখেই জানালেন বিদায়! ‘ওরা আমাকে আর চায় না, তাই…’ মাঝপথে ধারাবাহিক ছাড়ার কারণ জানালেন তন্বী লাহা রায়! কি কারনে হারিয়ে গেল মীরা?
প্রাপ্তবয়স্ক সাহিত্যের পাশাপাশি কিশোর সাহিত্যে তাঁর অবদানও স্মরণীয়। শিশু ও কিশোরদের জন্য লেখা তাঁর গল্পও পেয়েছে সমান ভালোবাসা। জীবনের নানা অভিজ্ঞতা, শহরের ভেতর লুকিয়ে থাকা অজানা গল্প আর মানুষের অন্তর্জগতকে শব্দে বেঁধে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব সাহিত্যভুবন। তাঁর প্রয়াণে বাংলা ভাষা হারাল এক মহীরুহকে, কিন্তু তাঁর সৃষ্টি বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্মের পাঠে, অনুভবে আর স্মৃতিতে।

