“দেব ছাড়া কি আর অভিনেতা নেই? দেব বাংলা ইন্ডাস্ট্রি নয়” দেবকে নিয়ে বিস্ফোরক রুদ্রনীল!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক নায়ক নায়িকা এবং অন্যান্য তারকারা রয়েছেন। প্রতিনিয়ত নতুন তারকার জন্ম হচ্ছে আবার একাধিক তারকা হারিয়ে যাচ্ছেন। এনাদের মাঝেই অন্যতম হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। দীর্ঘ কয়েক বছর ধরে বাংলায় ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে আসছেন এই অভিনেতা। বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে অকপটে অনেক কথাই ভাগ করে নিলেন তিনি।
বাংলা সিনেমার দর্শক কমছে তার কারণ কী?
অভিনেতার মতে, “দর্শক কমছে টা বাজে কথা, আসলে পরিচালকরা দর্শকদের ইচ্ছাকে খুব একটা গুরুত্ব দেয় না। পরিচালক লেখক এনারা ভাবেন কি করলে দর্শক আসবে। ওনারা এটা ভাবেন না যে দর্শকরা কি চায়। আগে একটু মাটির মানুষ হতে হবে, নিজেদেরকে অথবা প্রতিনিধিদের সাহায্যে দর্শকদের ইচ্ছা-অনিচ্ছাকে জানতে হবে। তবেই তো দর্শকদের মন মতন কিছু তৈরি করা যাবে।”
এখন কমার্শিয়াল সিনেমার অবস্থা কেমন?
রুদ্রনীল বললেন, “এইটা খুব জটিল প্রশ্ন। কমার্শিয়াল ঠিক কোনটা যে শিয়াল বাইরে থাকে নাকি যে শিয়াল এখানে থাকে এবং যাদের লোক দেখতে যায়, পছন্দ করে। কমার্স পড়ে কি এই শিয়ালকে দেখতে যেতে হয়? আমি একজন অভিনেতা এবং লেখক আমার জীবনে আমি এখনো অব্দি কমার্শিয়াল কোনটা সেটা বুঝে উঠতে পারিনি।”
দর্শকরা আর এক রকম সিনেমা দেখেন না কেন?
অভিনেতার মতে, “দর্শকরা এক রকম সিনেমা দেখবেই বা কেন? তাদের কাছে এখন অনেক অপশন। এখন মানুষ একটা জামা একবার পড়ে সেলফি তোলার পর সেই জামাটা পড়ে আর কোন ফটো তোলে না সেখানে একটা সিনেমা দুবার কেন দেখবে? একটা সিনেমার পেছনে কেন দুবার টাকা নষ্ট করবে? আগে একটা সম্পর্ক ছয় বছর টিকলে তবে সেই সম্পর্কটা পূর্ণতা পেত আর এখন ছ মাস টিকে গেলেই অনেক বড় বিষয় হয়ে যায়। সেখানে একটা সিনেমা দুবার দেখার তো প্রশ্নই ওঠে না।”
সিনেমা না চলার পেছনে কি সরকার দায়ী?
অভিনেতা বলেন, “দায়ী তো অবশ্যই। করোনার পর মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তাদের কাছে ১০০ টাকা থাকলে তারা সেটা দিয়ে খেয়ে পড়ে বাঁচবে নাকি সিনেমা দেখবে। তার মধ্যে মানুষের জীবিকা নেই। সরকার যদি তাদের জীবিকা দিত তারা যদি উপার্জন করতে পারত তখন তারা ঠিকই সিনেমা দেখার শখ পূরণ করতে পারতো। তাই এর পেছনে সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ভাবেই দায়ী বলে আমি মনে করি।”
অভিনেতা বলেন, “দেব থাকলেই কি সিনেমা হিট করতে হবে? আমি তো বুঝতে পারছি না আপনি হঠাৎ করে দেবের কথা কেন বললেন? দেব ছাড়া কি আর অভিনেতা নেই? দেব বাংলা ইন্ডাস্ট্রি নয়, এই বাংলা ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো দেব। বড় বড় শিল্পীরা থাকলেই সিনেমা হিট করবে এটা ভ্রান্ত ধারণা। অমিতাভ বচ্চন শাহরুখ খান এদের কারুরই সব সিনেমা সাফল্যতা পায়নি। দেবের এই ব্যোমকেশ এর তুলনায় টনিক অনেক বেশি হিট করেছিল। সিনেমা হিট করতে শুধুই যে বড় বড় শিল্পীদের লাগে এমনটা ভুল।”

