বাঙালির পিছিয়ে না পড়ে, লড়াই করে গড়ে তোলার গল্প নিয়ে আসছে দাদাগিরি, সঙ্গে সবার প্রিয় দাদা

"বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি কখনো পিছিয়ে পড়ে না", আরো একবার সেই গল্পই শোনাতে আসছে দাদাগিরি

বিগ বস মানেই যেমন সলমন খান, তেমন ‘দাদাগিরি’ (Dadagiri) মানেই মহারাজ। দাদাগিরি’র সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) -র নাম। আর আবার মহারাজা ছোটপর্দায় ফিরছে ‘দাদাগিরি সিজন ১০’ (Dadagiri Season 10) নিয়ে। জি বাংলা (Zee Bangla) -র অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এটি।

২০০৯ সালে সফর শুরু হয়েছিল ‘দাদাগিরি’র। আর তারই সঙ্গে সঞ্চালক হিসাবে হাতেখড়ি হয়েছিল সৌরভের। এরপর এই শো-এর গত ৯টি সিজনের মধ্যে ৮টি সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। এই শো-এর তিন নম্বর সিজনে সঞ্চালক বদল হয়েছিল, সৌরভের জায়গা নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে দর্শক মুখ ফিরিয়ে নেয়। ফলে জি বাংলা চতুর্থ সিজনে ফের ফিরিয়ে আনে সৌরভকে।

বেশ কিছুদিন আগে দাদা সোশ্যাল মিডিয়ায় এক ঝলক এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘দাদাগিরি সিজন ১০।‘ দাদার এই ছবি শেয়ার করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। এই ছবি দেখে এক অনুরাগী মন্তব্য করে লেখেন, ‘ দাদাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ অন্য আরেকজন অনুরাগী লেখেন, ‘ দাদাগিরি সত্যিই একটা পারিবারিক বিনোদন। যেখানে সব বিষয়ই থাকে।’

সম্প্রতি জি বাংলার পর্দায় প্রকাশ পেল বাংলার সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরির (Dadagiri) প্রথম প্রোমো। একটি মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলের অসাধারণ স্বপ্ন ছোঁয়ার কাহিনী দেখিয়ে শুরু হয় প্রোমো আর শেষে থাকে মহারাজের কন্ঠে দাদাগিরির আগমনী বার্তা। এই প্রোমো দেখার পর আরো অনেক বেশি উৎসুক হয়ে উঠেছেন সৌরভ প্রেমী দর্শক মহল।

তবে কবে থেকে ‘দাদাগিরি’ শুরু হচ্ছে সেই তারিখ সৌরভ জানাননি। ‘সিজন ৯’ শেষ হয়েছিল গতবছরের জুন মাসে। দাদাগিরি সিজন ১০ নিয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। বর্তমানে জি বাংলায় চলছে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো। হয়তো এর শেষেই শুরু হতে পারে দাদাগিরি। খুব সম্ভবত এর শুভ কাজ শুরু হতে পারে চলতি মাসেই।

Back to top button