“আমাকে সরিয়ে দেবচন্দ্রিমাকে নেওয়া হয়েছে এটা ভুল কথা”, জিতের নায়িকা থেকে বাদ পড়া প্রসঙ্গে এবার মুখ খুললেন মিঠাই সৌমিতৃষা

৯ জুন শেষ হয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। অন্তিম পর্বের সম্প্রচার হতেই মন খারাপ ভক্তদের। মিঠাই আর উচ্ছেবাবুর অন স্ক্রিন কেমেস্ট্রি টেলিভিশনের পর্দায় চুটিয়ে উপভোগ করত দর্শক। তবে এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র সৌমিতৃষা কুন্ডু ওরফে মিঠাই টেলিভিশনের পাট চুকিয়েই বড় পর্দায় হাতেখড়ির জন্য তৈরি মিঠাই রানি। টলি হাঙ্ক দেবের নায়িকা হয়েই দর্শকের দরবারে আত্মপ্রকাশ করবেন সৌমিতৃষা কুণ্ডু।
এর মাঝেই শোনা যাচ্ছে দেবচন্দ্রিমা জিতের বুমেরাং দিয়ে টলি জগতে ডেবিউ করতে চলেছে। এই সিনেমায় জিৎ আর রুক্মিণীর জুটির সঙ্গে আরও একটা জুটি থাকবে। আর সেটা হল বল্লভপুরে রূপকথা খ্যাত অভিনেতা সত্যম ভট্টাচার্য আর দেবচন্দ্রিমা সিংহ রয়। এর আগে তাকে একটি চলচ্চিত্র দেখা গেলেও সেখানে তার ভূমিকা ছিল অত্যন্ত সামান্য।
সেই খবরে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই রটে যায়, সৌমিতৃষার কাছে এই সিনেমার অফার এসেছিল কিন্তু পরবর্তীতে তার হাত থেকে সরে এই কাজ গিয়েছে অভিনেত্রী দেবচন্দ্রিমার হাতে। সত্যি কি এমনটা ঘটেছে? মিঠাই এর হাত থেকে কেন চলে গেল জিতের ছবিতে কাজের সুযোগ? এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সৌমিতৃষা এই সময়কে জানান, ‘আমাকে সরিয়ে দেবচন্দ্রিমাকে নেওয়া হয়েছে বিষয়টা এমন নয়। আসলে আমার কাছে যখন এই সিনেমায় কাজের অফার আসে তখন আমি ব্যাক পেইনে ভুগছি। তাই আমার পক্ষে কাজটা করা সম্ভব হয়নি। মিঠাইয়ের কাজটা ওইভাবেই করেছি। পরেরদিকে তো মিঠাই থেকেও ছুটি নিতে হয়েছিল।’
মিঠাই আরও বলেন, ‘প্রধান ছবির শ্যুট অগস্ট থেকে শুরু হবে। একটু বিশ্রাম নিয়ে কাজটা করব। ব্যুমেরাং-এর শ্যুট জুন থেকেই শুরুর কথা ছিল। তখন দেবচন্দ্রিমাকে নির্বাচন করা হয়। বিষয়টাকে যেন ভুলভাবে উপস্থাপন করা না হয়। এটা ওর বড় পর্দায় প্রথম কাজ। আমার অনেক শুভেচ্ছা ওর জন্য়। প্রথম কাজ সবাই ফ্রেশ মাইন্ডে শুরু করতে চায়। আমি চাই দেবচন্দ্রিমাও যাতে তা করতে পারে।’

