‘পালক থাকলেই সবাই কি ময়ূর হয়?’ টিআরপি টানতে এবার ‘মিঠাই’কে নকল ফুলকির! নতুন প্রোমোতে মিঠাই স্টাইল দেখেই চটলো ভক্তরা

নতুন ধারাবাহিকে নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিষেক বসু (Abhishek Basu)। পরিবার আর বক্সিংয়ের টানাপোড়েনে ভুগতে থাকা নায়কের জীবনে হঠাৎ একঝলক হাওয়ার মতোই আসে নায়িকা। ‘ফুলকি’। এই ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিব্যানী মণ্ডল (Divyani Mondal)-কে। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রাখছেন তিনি।
জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। রাজেন্দ্র প্রসাদ দাসের পরিচালনায় তৈরি হচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। সেখানে আঁচ পাওয়া গিয়েছে গল্পের। ধারাবাহিকে নায়িকার নাম ফুলকি ও নায়কের নাম রোহিত। দুজনেই দুই মেরুর বাসিন্দা। কীভাবে তাঁদের সম্পর্ক হবে, সেই গল্পই বলবে ‘ফুলকি’।
সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের আরো একটি প্রোমো। যেখানে দেখা গিয়েছে খাবার নিয়ে নায়কের ঘরে ঢুকছে ফুলকি। নায়কের ঘরের অগোছালো অবস্থা দেখে নাক সিঁটকিয়ে ঘরের জানালার পর্দা সরাচ্ছে সে। তখনই তার চোখে পড়ে একজোড়া বক্সিং গ্লাভস। সেটা দেখেই আনন্দে সঙ্গে সঙ্গে নায়িকা হাতে গলিয়ে নেয় সেগুলো। আর আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে থাকে নিজেকে।
বক্সিং গ্লাভস পরে একজন বক্সারের মত শূন্যে হাত চালাতে থাকে নায়িকা আর তখনই চলে আসে নায়ক। তার এই কীর্তি দেখে রেগে গিয়ে রুক্ষ মেজাজে ঘর থেকে বেরিয়ে যেতে বলে তাকে। জানতে চায় তার ঘরে ঢুকে পড়ার সাহস কে দিল। তার ঘরের দরজা সবার জন্য বন্ধ। তখন ফুলকি বলে যদি সবার জন্য ঘরের দরজা বন্ধ হয়ে যায় তাহলে সেই ঘর থেকে তো তিনি নিজেই বের হতে পারবেন না।
প্রোমোটি দেখে দর্শকদের চোখের সামনে ভেসে উঠেছে মিঠাই আর সিদ্ধার্থের প্রথম জীবনের দৃশ্যগুলি। সেই একই ধাঁচে অভিনয় করছেন ফুলকির নায়ক। আর ঠিক মিঠাইয়ের মতনই সহজ সরল ভাবে একটা ঝলমলে মেয়ের ভূমিকায় রয়েছে ফুলকি। মিঠাই ধারাবাহিকের মতন এখানেও নায়কের একদম পছন্দ না তার বিষয়ে কেউ নাক গলাক। ফুলকির হেসে হেসে কোমরে হাত দিয়ে কথা বলা থেকে শুরু করে দুষ্টু মিষ্টি স্বভাব সবটাই যেন হুবহু মিলে যাচ্ছে দু বছর আগের সেই মিঠাই রানীর সাথে। আর এটা দেখার পরেই ধারাবাহিকের ওপর চড়াও হয়েছে মিঠাই ভক্তরা। তাদের দাবি জনপ্রিয়তা বাড়াতে এবং টিআরপি টানতে এখন মিঠাইয়ের অনুকরণ করছে ফুলকি।

