ঋষি পিহুর মাথায় নতুন পালক! স্টার প্লাসের কভারে মন ফাগুনের পোস্টার, শুধু বাংলা না সারা দেশের সামনে প্রিয় সিরিয়ালকে দেখে খুশি ভক্তরা

‘মন ফাগুন’ কবেই অফ এয়ার হয়ে গিয়েছে। কিন্তু এখনও অবধি পিহু ও ঋষিরাজ দর্শকদের মনের মণিকোঠায়। এই ধারাবাহিকের মাধ্যমেই পিহুর চরিত্রে আত্মপ্রকাশ করেছিলেন সৃজলা গুহ (Srijla Guha)। তাঁর বিপরীতে ঋষিরাজের চরিত্রে ছিলেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)।

শন ও সৃজলার জুটি দর্শকদের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছিল। এরপর শন বড় পর্দা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও সৃজলা মডেলিং ও ফটোশুট নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে এর মধ্যে শোনা গিয়েছিল ‘মন ফাগুন 2’-এর মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন এই জুটি। ফলে যথেষ্ট উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীদের একাংশ।

কিন্তু তারপর সামনে এসেছিল প্রকৃত সত্য। ‘মন ফাগুন’-এর সিকোয়েল ‘মন ফাগুন 2’ তৈরি হচ্ছে না। বরং স্টার প্লাসে সম্প্রচারিত হচ্ছে ‘মন ফাগুন’-এর হিন্দি ডাবড ভার্সন যার নাম ‘দো দিল মিল রহে হ্যায়’। কোনো রিমেক নয়, নির্ভেজাল হিন্দি ডাবিং হচ্ছে ‘মন ফাগুন’-এর। এতদিন বহু হিন্দি ধারাবাহিকের বাংলা ডাবড ভার্সন সম্প্রচারিত হত স্টার জলসার পর্দায়। কিন্তু ‘মন ফাগুন’ হচ্ছে প্রথম বাংলা সিরিয়াল যার হিন্দি ডাবড ভার্সন সম্প্রচারিত হচ্ছে স্টার প্লাসে।

May be an image of 2 people and text
যথারীতি উচ্ছ্বসিত হয়েছিলেন পিহু-ঋষিরাজের অনুরাগীরাও। একসময় ‘মন ফাগুন’-এর টিআরপি কমতে থাকার ফলে ধারাবাহিকটি অফ এয়ার করে দেওয়া হয়েছিল। সেই সময় নেটিজেনদের একাংশ ‘মন ফাগুন’-এর সমালোচনা করে লিখেছিলেন ‘ফ্লপ সিরিয়াল’। অনেকে শনের অভিনয়কে বলেছিলেন রোবোটিক। বর্তমানে ‘মন ফাগুন’ অনুরাগীদের একাংশ লিখেছেন, হেটার্সদের জবাব দিয়েছে এই ধারাবাহিক। এবার ‘মন ফাগুন’ দেখছে সারা দেশ।

কিছুদিন আগেই মন ফাগুনের ট্রেলারটিকে পিন পোস্ট করেছিল স্টার প্লাসের অফিশিয়াল একাউন্ট। এটা দেখে খুব খুশি হয়েছিলেন দর্শকরা। আর এইবার স্টার প্লাসের অফিশিয়াল পেজ এর কভার ফটোতেও দেখা দিল মন ফাগুনের পিহুরাজ। যা নজর কেড়েছে দর্শকদের। বাংলার মন ফাগুন এত জনপ্রিয়তা পাচ্ছে তা দেখে ধারাবাহিকের ভক্তরা বেজায় খুশি।

Back to top button