আর লোকাচুরি নয়, এবার চুটিয়ে প্রেম করছেন গাঁটছড়ার দ্যুতি! প্রকাশ্যে শ্রীমা-ইন্দ্রনীলের রোম্যান্টিক ভিডিও ভাইরাল

প্রথম প্রথম সকলেই নিজেদের বন্ধু বলেই দাবি করে থাকেন তারপর সেই বন্ধুত্বটাই পরে অন্য সম্পর্কে মোড় নেয়। এটাই টলিউড ইন্ডাস্ট্রির প্রেম গোপন করে রাখার প্রচলিত ট্রেন্ড। এর আগে একাধিক তারকা জুটি এই পন্থা অবলম্বন করেই নিজেদের সম্পর্ককে আড়াল করার চেষ্টা করেছেন। আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ও অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।

দুজনেই টেলিপাড়ার পরিচিত মুখ আর দুজনেই যে চুটিয়ে প্রেম করছেন তা একরকম ওপেন সিক্রেট বলা চলে। আন্দামানেও এই তারকা জুটি গিয়ে জমিয়ে ছবি তুলেছেন, তবে আলাদা আলাদা হলেও দুজনে যে একসঙ্গে রয়েছেন তা বুঝতে নেটিজেনদের একটুও ভুল হয়নি। কিছু দিন আগেই বাড়ির ছাদে রোম্যান্টিক গানের তালে তাঁদের একসঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে। কিন্তু তাও মুখ ফুটে বলবেন না তাঁরা সম্পর্কে আছেন। নিজেদের এখনও ভালো বন্ধু বলেই দাবি করে আসছেন।

গৌরব রায়চৌধুরীর সঙ্গে একটা সময় খুল্লমখুল্লা প্রেম করেছেন শ্রীমা। ২০২০ সালের মার্চ মাসে গৌরব রায়চৌধুরীর সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন। কিন্তু তা বছরঘুরতেই ভেঙে যায়। আর তারপর থেকেই ব্যক্তিগত দিক চাপা রাখার চেষ্টাই করছেন অভিনেত্রী। তবে প্রেমের খবর কি আর চাপা থাকে! ছাই চাপা আগুনের মতো তা ছড়িয়েই পড়ে। দিনকয়েক আগে আলাদা আলাদা দুজনেই ছবি দিয়েছিলেন আন্দামান থেকে।

শ্রীমা-ইন্দ্রনীলের একাধিক ভিডিয়ো দেখা যায় আজকাল সোশ্যালে। সে নিয়ে প্রশ্ন করলে এই সময়কে অভিনেত্রী জানালেন, ‘আমি অনিন্দ্যদা বা রিয়াজের সঙ্গেও রিল আপলোড করি। কিন্তু ইন্দ্রনীলের সঙ্গেই যত কিছু রটনা রটে। নতুন করে এই নিয়ে আর কী বলব জানি না।’ সঙ্গে জুড়লেন, ‘যদি জল্পনা-কল্পনা সত্যি হয় তাহলে বুঝতে হবে মানুষের প্রেডিকশন সত্যি হচ্ছে। ওই সিরিয়ালের মতো করেই বলব, আরও জানতে চোখ রাখুন শ্রীমার জীবনে। আজকাল এই নিয়ে প্রশ্ন এলে, এই উত্তরই আমি দিয়ে থাকি। আর সব আগে থেকে বলে দিলে তো মজাটাই চলে যাবে।’

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইন্দ্রনীল জানান যে তিনি ও শ্রীমা খুব ভাল বন্ধু। তবে ভবিষ্যতে এই সম্পর্ক প্রেম পর্যন্ত গড়াবে কিনা তা এখনই বলতে রাজি নন অভিনেতা। যদিও সোশ্যাল মিডিয়ায় একে-অপরের ছবিতে তাঁরা যেভাবে কমেন্ট করেন তাতে কোনওভাবেই তাঁদের ভাল বন্ধু বলে মনে হয় না। সম্পর্ক যে বন্ধুত্বের চেয়েও আরও একটু বেশিদূর এগিয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Back to top button