বেপরোয়া লরির ধাক্কা! করুণাময়ী ব্রিজে ভয়াবহ দুর্ঘটনার মুখে জয়জিৎ! ভীষণ রকম ক্ষতিগ্রস্ত অভিনেতার গাড়ি! কি অবস্থায় রয়েছেন জয়জিৎ ব্যানার্জি?

পথ দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেই দুর্ঘটনার কথা জানিয়েছেন তিনি। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে নামার সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি লরি। লরিটির গতি বেশ বেশি ছিল বলেই অভিযোগ অভিনেতার। দুর্ঘটনায় তাঁর গাড়ির ডানদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে জয়জিতের গুরুতর কোনও চোট লাগেনি।

দুর্ঘটনার সময় গাড়ির সামনের সিটে বসেছিলেন অভিনেতা। তাই বড়সড় আঘাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। জয়জিতের কথায়, পিছনের সিটে বসে থাকলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত। তাঁর দাবি, ফাঁকা রাস্তায় লরিটি যেভাবে বেসামালভাবে চলছিল, তা দেখেই চালক স্বাভাবিক অবস্থায় ছিলেন কি না, তা নিয়ে সন্দেহ হয়েছিল। ঘটনার পর বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানান তিনি। হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ করার পর পুলিশ তাঁকে ছেড়ে দেয় বলে জানিয়েছেন অভিনেতা।

নিজের পোস্টে জয়জিৎ আরও জানান, তাঁর গাড়ির চালক সঠিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন। অন্যদিকে লরিচালকের বেপরোয়া গাড়ি চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর আশঙ্কা, ওই লরি যদি একইভাবে রাস্তায় চলতে থাকে, তাহলে সামনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এক বিষয়, কিন্তু এমন বেপরোয়া চালানোর কারণে অন্য মানুষের প্রাণহানিও ঘটতে পারে বলে মনে করছেন অভিনেতা। তাই বিষয়টি সকলের সামনে তুলে ধরেছেন তিনি।

শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি থাকা সত্ত্বেও পুলিশ লরিটিকে চিহ্নিত করার জন্য সেই ফুটেজ খতিয়ে দেখছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়জিৎ। তাঁর দাবি, দুর্ঘটনার সময় পুলিশের তরফে তেমন কোনও তৎপরতা চোখে পড়েনি। তবে কলকাতা পুলিশের উপর তাঁর আস্থা রয়েছে বলেও জানিয়েছেন অভিনেতা। একইসঙ্গে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। জয়জিৎ স্পষ্ট করেছেন, দুর্ঘটনার পর তিনি সুস্থ আছেন এবং গুরুতর কোনও আঘাত পাননি।

আরও পড়ুনঃ পারুলের মাস্টারস্ট্রোক! খুলে যাবে ফ্রাইডে ক্লাবের মেম্বারদের মুখোশ! ফ্যামিলি পার্টিকেই ফাঁদ বানাল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘তিলোত্তমা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সেখানে চিকিৎসক প্রতাপের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও পরিচিত মুখ তিনি। অভিনেতার দুর্ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কথা জানিয়ে নিরাপত্তার বিষয়টি নিয়ে সচেতন করতেই নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা।

Back to top button