সমস্ত লড়াইয়ের অবসান! প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা সেন! ৭০ বছর বয়সে থামল পথচলা! শোকস্তব্ধ টলিপাড়া!

বাংলা চলচ্চিত্র জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী বর্ষীয়ান পরিচালক রাজা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন পরিচালক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্ত্রী তথা অভিনেত্রী পাপিয়া সেন।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন রাজা সেন। প্রায় এক দশক আগে ‘মায়ামৃদঙ্গ’ ছবির শুটিংয়ের সময় সেটে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পান তিনি। এরপর ধীরে ধীরে তাঁর হাঁটাচলার সমস্যা বাড়তে থাকে। গত কয়েক বছর প্রায় চলাফেরা করতে পারেননি। ২০২৬ সালের শুরুতে গুরুতর স্নায়ুর সমস্যা ধরা পড়ে এবং কোমর ও শিরদাঁড়ায় অস্ত্রোপচারও হয়। কিছুটা সুস্থ হওয়ার পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
বাংলা বিনোদন জগতে রাজা সেনের অবদান ছিল দীর্ঘ ও বৈচিত্র্যময়। মধ্যবিত্ত বাঙালির জীবন, সাহিত্য এবং মানবিক সম্পর্ককে সহজভাবে পর্দায় তুলে ধরার জন্য পরিচিত ছিলেন তিনি। ১৯৫৫ সালের ১০ নভেম্বর জন্ম নেওয়া পরিচালক ছোটপর্দা থেকেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে তাঁর পরিচালিত ‘সুবর্ণলতা’ দূরদর্শনে ব্যাপক জনপ্রিয় হয়। পরে ‘আদর্শ হিন্দু হোটেল’ এবং ‘আরোগ্য নিকেতন’-এর মতো সাহিত্যনির্ভর কাজও টেলিভিশনের দর্শকদের কাছে পৌঁছে দেন তিনি।
তথ্যচিত্র নির্মাণেও গুরুত্বপূর্ণ কাজ করেছেন রাজা সেন। সুচিত্রা মিত্র, শম্ভু মিত্র, সুভাষ মুখোপাধ্যায় এবং তপন সিংহের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে তৈরি তাঁর তথ্যচিত্রগুলি বাংলা সংস্কৃতির গুরুত্বপূর্ণ দলিল হয়ে রয়েছে। বড় পর্দাতেও একাধিক উল্লেখযোগ্য ছবি উপহার দিয়েছেন তিনি। ‘সুচিত্রা মিত্র’ তথ্যচিত্রের জন্য ১৯৯৩ সালে আর্ট অ্যান্ড কালচার বিভাগে জাতীয় পুরস্কার পান। ‘দামু’ ছবির জন্য ১৯৯৬ সালে সেরা শিশু চলচ্চিত্র এবং ‘আত্মীয় স্বজন’ ছবির জন্য ১৯৯৯ সালে সেরা পারিবারিক চলচ্চিত্রের জাতীয় পুরস্কার অর্জন করেন।
আরও পড়ুনঃ ‘উনি হচ্ছেন সনাতনী, বিশুদ্ধ ভারতীয়, নেতাজির পূর্বপুরুষ…! ‘জয়া আহসান কবে থেকে ভারতীয়?’ স্বাধীনতা দিবসের পদযাত্রা ঘিরে বিতর্ক! ‘ধর্ম ধান্দা ও দেশপ্রেম, বাকিরা দেশদ্রোহী, হিংটিংছট…’ মুখ খুললেন শ্রীলেখা!
রাজা সেনের পরিচালনায় তৈরি হয়েছে ‘দেশ’, ‘দেবীপক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘ল্যাবরেটরি’সহ একাধিক ছবি। সাহিত্যনির্ভর গল্প এবং বাঙালির চেনা জীবনকে নিজের পরিচালনার ভাষায় তুলে ধরেছিলেন তিনি। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা। দীর্ঘ কেরিয়ারে তৈরি করা তাঁর সিনেমা, ধারাবাহিক এবং তথ্যচিত্র আগামী দিনেও দর্শক ও নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

