জীতু কমলের নাম করে জালিয়াতি! টাকা, দামি উপহার চাওয়ার অভিযোগ! সোশ্যাল মিডিয়ায় সতর্কতা জারি করলেন অভিনেতা!

অভিনেতা জীতু কমলের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে তাঁর পরিচিত বা প্রতিনিধি সেজে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন অভিনেতা। বুধবার নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ্যে আনেন জীতু। তাঁর অভিযোগ, প্রতারকেরা তাঁর নাম করে টাকা, উপহার কিংবা দামি জিনিস চাইছে। এমনকি তাঁর পরিচয় ব্যবহার করে অশালীন প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এই ধরনের কোনও বার্তা বা ফোন এলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছেন জীতু। অভিনেতা জানিয়েছেন, কেউ যদি তাঁর ম্যানেজার বা ঘনিষ্ঠ বন্ধু পরিচয় দিয়ে যোগাযোগ করে, তাহলেও বিষয়টি যাচাই না করে কোনও ধরনের আর্থিক লেনদেন করা উচিত নয়। ইতিমধ্যেই এমন ঘটনার শিকার হয়ে থাকলে সরাসরি তাঁকে জানানোর অনুরোধ করেছেন তিনি। প্রয়োজনে তাঁকে ট্যাগ করে বা পোস্টের কমেন্টে বিষয়টি জানানো যেতে পারে বলেও জানিয়েছেন অভিনেতা।

জীতু আরও জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে এই প্রতারণার ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, প্রায় এক মাস আগে ‘জিতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট’ নামে একটি এনজিওও শুরু করেছেন অভিনেতা। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, টলিপাড়ার কলাকুশলীদের সাহায্য করা, বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন, কর্মসংস্থান এবং পরিবেশ রক্ষার মতো নানা কাজ করার লক্ষ্যেই এই উদ্যোগ। অভিনেতা জিৎও তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

অভিনয় জীবনে অবশ্য একাধিকবার বিতর্কে জড়িয়েছেন জীতু। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে তাঁর চরিত্র নিয়েও নানা আলোচনা হয়েছিল। পাশাপাশি ‘এরাও মানুষ’ ছবিকে কেন্দ্র করে পরিচালক ও প্রযোজক সাঁইপ্রকাশ লাহিড়ি অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। পরে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়। সেই সময় আর্টিস্ট ফোরামের সঙ্গেও জীতুর মতবিরোধ তৈরি হয়েছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ ভালোবাসার নামে প্রতারণা! রায়ানের ওপর হওয়া অন্যায়ের শেষ দেখে ছাড়বে পারুল! বসু পরিবারকে সঙ্গে নিয়ে ময়দানে নামলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

এখন অবশ্য নতুন কাজ নিয়েই ব্যস্ত অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘মহারাজা তোমারে সেলাম’ নিয়ে আগ্রহ রয়েছে জীতুর অনুরাগীদের মধ্যে। এই ছবিতে তাঁকে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে। ছবিতে জীতুর পাশাপাশি ঋত্বিক ভৌমিক এবং রুদ্রনীল ঘোষও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নতুন ছবিতে জীতুর অভিনয় কেমন হয়, এখন সেদিকেই নজর দর্শকদের।

Back to top button