‘রাস্তায় থুতু ফেলে আবার জয় শ্রীরাম বা জয় বাংলা!’ ‘আমরা সিভিলিয়ানরা কি তবে পরাধীন মানসিকতার চাকর?’ সবার মধ্যেই রয়েছে ভণ্ডামি? বি’স্ফোরক অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়!

বাংলা অভিনয় জগতের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। দীর্ঘ কাজের অভিজ্ঞতায় ছোট পর্দা, বড় পর্দা এবং থিয়েটার সব মাধ্যমেই তিনি নিজের জাত চিনিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর সুগঠিত শরীর ও বলিষ্ঠ কন্ঠের জন্য দর্শকমহলে তাঁর একটি আলাদা পরিচিতি রয়েছে। সম্প্রতি ইউটিউবের ‘মগজমাড়ি’ পডকাস্টে এসে তিনি তাঁর শৈশব, আর্মি ব্যাকগ্রাউন্ড এবং জীবনযাত্রার নানা দিক নিয়ে অকপট কথা বলেন। তবে ইন্টারভিউয়ের মাঝে বর্তমান সমাজের শৃঙ্খলা এবং মানুষের মানসিকতা নিয়ে তাঁর একটি মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সেনাবাহিনীর পরিবেশে বেড়ে ওঠার স্মৃতিচারণ করতে গিয়ে সুদীপ মুখোপাধ্যায় ডিসিপ্লিন বা শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, সেনাক্যাম্পের আবহে একটি নিজস্ব চরিত্র ও পরিচ্ছন্নতা থাকে, যা মানুষকে দায়িত্বশীল করে তোলে। কিন্তু সাধারণ সিভিলিয়ান জীবনে আসার পর মানুষের মানসিকতার এক বিশাল পরিবর্তন দেখা যায়। অভিনেতার মতে, সিভিলিয়ান মানসিকতার মধ্যে এক ধরণের ঔপনিবেশিক দাসত্ব এবং চরম স্বার্থপরতা ঢুকে পড়েছে। যেখানে মানুষ শুধু নিজের কথা ভাবে এবং সামাজিক শৃঙ্খলার কোনো তোয়াক্কা করে না।

রাস্তার নোংরামি ও নাগরিকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন সুদীপ। তিনি বলেন, বহু মানুষের মধ্যে নূন্যতম নাগরিক সচেতনতাটুকুও অবশিষ্ট নেই। রাস্তায় যত্রতত্র থুতু ফেলা, যেখানে-সেখানে নোংরা করা বা প্রস্রাব করা এবং খাবার খেয়ে প্যাকেট রাস্তায় ছুঁড়ে ফেলা যেন রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। অন্যের অসুবিধা হবে কি না সেটা না ভেবে গাড়ি বা ঘরের দরজা খুলে রাস্তায় ময়লা ও থুতু ফেলার মতো দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রতিনিয়ত ঘটছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘সেলিব্রেটি হলেই যা খুশি হাতে তুলে নেওয়া যায় না, ওনার সাহসটা…’ ‘মেয়েরাই মেয়েদের শত্রু, তাই…’ নারীদের পারিশ্রমিকের বৈষম্য থেকে শ্রীলেখা মিত্রের পোস্টার বিতর্ক! মুখ খুললেন রত্না ঘোষাল!

সবচেয়ে কড়া আক্রমণটি অভিনেতা করেছেন ভুয়ো দেশপ্রেম ও রাজনৈতিক-ধর্মীয় স্লোগানবাজির বিরুদ্ধে। তিনি কটাক্ষ করে বলেন, মানুষ রাস্তায় এত নোংরামি ও বিশৃঙ্খলা সৃষ্টির পরমুহূর্তেই উচ্চস্বরে ‘জয় শ্রীরাম’, ‘জয় বাংলা’ কিংবা ‘জয় হিন্দ’-এর মতো স্লোগান দিতে থাকে। এমনকি ১৫ই আগস্টে সানন্দে পতাকা তুললেও অনেকে জাতীয় সংগীতটুকুও সঠিকভাবে গাইতে পারে না। এই জাতীয় আচরণকে তিনি মেকি ভক্তি ও ভণ্ড দেশপ্রেম হিসেবে চিহ্নিত করে বলেন যে, এটি কোনো প্রকৃত দেশপ্রেম বা ভক্তি হতে পারে না।

সবশেষে অভিনেতা বুঝিয়ে দেন যে, শৃঙ্খলা কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, বরং এটি মানুষের নিজস্ব মানসিকতার ওপর নির্ভর করে। সমাজে মানুষে মানুষে ভালো-মন্দের তফাত চিরকালই ছিল এবং এখনও রয়েছে। তবে দায়িত্বশীল নাগরিক না হয়ে কেবল স্লোগানবাজি করে দেশপ্রেম দেখানো যায় না। তাঁর এই সোচ্চার ও চাঁচাছোলা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিক শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রকৃত অর্থ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Back to top button