‘কম টাকা পেলেও ও ভালো থাকুক’, বিশ্বভারতীতে অধ্যাপিকার প্রস্তাব ছেড়ে অভিনয়! মেয়ের স্বপ্নপূরণে পরিবারের বিরুদ্ধে গিয়ে ঢাল হয়েছিলেন মা! মায়ের জেদেই আজ সফল অভিনেত্রী অনিন্দিতা দাস!

মায়েরা সন্তানের জীবনের প্রকৃত রক্ষাকবচ। সমাজ বা পরিবারের হাজারো প্রতিকূলতার মাঝে দাঁড়িয়েও যে মা সন্তানের স্বপ্নপূরণের পথে ঢাল হয়ে দাঁড়াতে পারেন, তা আরও একবার প্রমাণিত হলো দূরদর্শন বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মা দি বস’-এর মঞ্চে। অনুষ্ঠানের চতুর্থ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী অনিন্দিতা দাস (Anindita Das) এবং তাঁর মা নন্দিতা দাস। সেখানে মেয়ের জীবনের সাফল্যের পেছনে মায়ের সেই নাছোড়বান্দা লড়াই এবং ছোটবেলার নানাবিধ খুনসুটির কথা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেন তাঁরা।
শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী অনিন্দিতা হাসতে হাসতে প্রকাশ করেন তাঁর ছটফটে স্বভাবের কথা। শান্ত মেয়ে হলেও পড়াশোনার সময় তাঁর মন ঘরে টিকত না। অনিন্দিতা জানান, বড় ছাদ, পাঁচিল ও গাছপালায় ঘেরা বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে পড়তে ভালোবাসতেন তিনি। পড়ার চেয়ার-টেবিলে বইখাতা আর পোষ্য বিড়াল সাজানো থাকলেও তিনি নিজে ঘুরে বেড়াতেন ছাদে। আর মেয়েকে পড়ানোর জন্য হাতে বই নিয়ে তাঁর পেছন পেছন ঘুরতেন মা নন্দিতা দেবী। মূলত মায়ের মুখ থেকে শুনে শুনেই নিজের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ করেছিলেন বলে জানান অনিন্দিতা।
পরিবারের সাংস্কৃতিক পরিমণ্ডলের কথা মনে করিয়ে দিয়ে অনিন্দিতা বলেন, ছোটবেলা থেকেই নাচ, গান এবং আবৃত্তির নিয়মিত চর্চা ছিল তাঁর। অনিন্দিতার আদি বাড়ি কোচবিহারের মাথাভাঙায় হলেও পড়াশোনা ও গানের টানে তিনি কলকাতায় আসেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতকোত্তর ও ফোক সং নিয়ে গবেষণা সম্পন্ন করেন তিনি। এরপরই তাঁর জীবনে আসে এক অপ্রত্যাশিত মোড়। এক ব্যক্তিগত কাজে বিখ্যাত নাট্যব্যক্তিত্ব ও পরিচালক সুমন মুখোপাধ্যায়ের বাড়িতে গেলে, তিনি অনিন্দিতাকে সরাসরি অভিনয়ের প্রস্তাব দেন,। আর এভাবেই সুযোগ আসে তাঁর জীবনের প্রথম চলচ্চিত্র ‘হারবার্ট’-এ অভিনয় করার।
প্রথম ছবিতে কাজ করার পর অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা জন্মায় অনিন্দিতার। কিন্তু ঠিক সেই সময়েই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি অধ্যাপনা করার আকর্ষণীয় প্রস্তাব আসে তাঁর কাছে। একদিকে নিশ্চিত ও সম্মানজনক শিক্ষিকার চাকরি, অন্যদিকে অনিশ্চিত অভিনয় জগত এই দোলাচলে পড়েছিল তাঁর পরিবার। অনিন্দিতা বলেন, “পুরো পরিবার চেয়েছিল আমি যেন মিউজিক নিয়ে পড়ানোর কাজেই যোগ দিই। কিন্তু একমাত্র আমার মা সেদিন গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে একা আমার পাশে দাঁড়িয়েছিলেন। নরমে-গরমে পরিবারের সবাইকে মা বুঝিয়েছিলেন যে, মেয়ে যদি অভিনয়ে ভালো থাকে, তবে পরিশ্রম বা কম টাকাতেও যেন তাকে আটকানো না হয়। মায়ের সেই অকুতোভয় সমর্থনের জোরেই আজ আমি একজন পুরোদস্তুর অভিনেত্রী।”
আরও পড়ুনঃ ‘রাত হলেই খেতাম ২৫টা রুটি…’ ‘সপ্তাহে একদিন ১ কেজি খাসির মাংস!’ ‘দাদু আমাকে সবসময়…’ ১০ বছর বয়সে একাই খেতেন প্রায় পাঁচ জনের খাবার! ছোটবেলার স্মৃতি নিয়ে অকপটে অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়!
মেয়ের জীবনের এই গুরুত্বপূর্ণ ডিসিশনে সায় দেওয়া নিয়ে মুখ খোলেন মা নন্দিতা দাসও। অত্যন্ত মৃদুভাষী ও স্নেহময়ী এই মা জানান, আজ মেয়েকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দেখে তাঁর বুক গর্বে ভরে যায়। সেদিন গোটা পরিবারের বিপক্ষে গিয়ে মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্তটি যে একবিন্দুও ভুল ছিল না, তা আজ প্রমাণিত। নন্দিতা দেবীর কথায়, “মেয়ের স্বপ্নপূরণের এই যাত্রায় যদি কোনো ভুল হতো, তবে সবচেয়ে বেশি অনুতাপ আমার নিজেরই হতো,। আজ ও সফল ও সুখী, এটাই একজন মায়ের কাছে সবচেয়ে বড় পাওয়া।” মা ও মেয়ের এই আবেগঘন রসায়ন অনুষ্ঠানটির দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।

