বারুইপুর কাণ্ডে শ্রীলেখা মিত্রের নামে এফআইআর! তাঁর বিরুদ্ধে উঠছে ভয়ঙ্কর অভিযোগ! কী বললেন অভিনেত্রী?

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে নতুন মোড় এসেছে। গণপিটুনিতে উস্কানি দেওয়ার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সিপিআইএম নেতা লাহিক আলি, ইউটিউবার অনুভব মাইতি এবং ডিজিটাল সংবাদমাধ্যম ‘দ্য আওয়াজ’-এর বিরুদ্ধে বারুইপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ করেছেন বারুইপুরের বিজেপি নেতা সুশোভন রায়। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় করা কিছু পোস্ট থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর থেকেই বারুইপুর কাণ্ড নিয়ে প্রকাশ্যে মত জানিয়েছিলেন শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, ওই ঘটনার প্রসঙ্গে করা একটি পোস্টকে কেন্দ্র করেই তাঁর নামে এফআইআর হয়েছে। অভিনেত্রী স্পষ্টভাবে জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তিনি মানছেন না এবং কোথায়, কবে বা কীভাবে তিনি উসকানিমূলক মন্তব্য করেছেন, তার প্রমাণ প্রকাশ করার দাবি জানান।

নিজের পোস্টে শ্রীলেখা আরও বলেন, কেউ যদি দাবি করেন যে তিনি উত্তেজনা ছড়ানোর মতো কোনও মন্তব্য বা কাজ করেছেন, তাহলে তার নির্ভরযোগ্য তথ্য সামনে আনা উচিত। তাঁর কথায়, তিনি সবসময় সত্যের পক্ষে থেকেছেন এবং ভবিষ্যতেও দায়িত্বশীলভাবে ও আইন মেনে নিজের মত প্রকাশ করবেন। একই সঙ্গে তিনি ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি না তৈরির আবেদনও জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় শ্রীলেখা মিত্রের পাশাপাশি সিপিআইএম নেতা লাহিক আলি, ইউটিউবার অনুভব মাইতি এবং ‘দ্য আওয়াজ’ নামের একটি ডিজিটাল সংবাদমাধ্যমের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কয়েকটি পোস্ট মানুষের মধ্যে উত্তেজনা ছড়াতে ভূমিকা নিয়েছে এবং তার প্রভাবেই এলাকায় হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুনঃ ‘ আমি ছেলেই চেয়েছিলাম…বিয়ে আর মাতৃত্ব সম্পূর্ণ আলাদা!’ ‘জানাজানি হলে যদি ক্ষতি হয়ে যায়…’ গর্ভাবস্থার খবর লুকিয়ে রাখার আসল কারণ জানালেন সুস্মিতা রায়! সমাজের তথাকথিত নিয়ম ভেঙে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী!

এফআইআর দায়েরের পর সুশোভন রায় সংবাদমাধ্যমকে বলেন, নাবালিকার মৃত্যুর পর কিছু পোস্ট এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে সাধারণ মানুষের মনে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়। তাঁর অভিযোগ, এরপরই রেললাইন অবরোধ, গণপিটুনি ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। পাশাপাশি তিনি দাবি করেন, এই ধরনের প্রচার সমাজে বিভাজন তৈরি করছে এবং ছোটদের মনেও ভুল বার্তা পৌঁছে দিচ্ছে।

Back to top button