মোটা টাকা দাবি করায় বাদ পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়? দিদি নাম্বার ১ থেকে কত পেতেন অভিনেত্রী? পারিশ্রমিকের জন্য পূর্বেও অনুষ্ঠান ছেড়েছিলেন তিনি?

দীর্ঘ ১৭ বছর ধরে ‘দিদি নম্বর ১’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দর্শকদের কাছে এই শো আর রচনা যেন একে অপরের সমার্থক হয়ে উঠেছিল। তবে নতুন সিজনে আর তাঁকে সঞ্চালকের আসনে দেখা যাবে না। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই পরিবর্তনের পর থেকেই রচনার অনুরাগীদের মধ্যে হতাশা যেমন রয়েছে, তেমনই নতুন সঞ্চালিকাকে ঘিরেও শুরু হয়েছে নানা আলোচনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, শো থেকে তাঁর বিদায়টা মোটেই প্রত্যাশিত ছিল না। তাঁর অভিযোগ, চ্যানেল অত্যন্ত অপেশাদারভাবে এই দীর্ঘ যাত্রার ইতি টেনেছে এবং সিদ্ধান্ত জানাতে খুব কম সময় দেওয়া হয়েছিল। সেই কারণেই ভবিষ্যতে আর কোনওদিন ‘দিদি নম্বর ১’-এ ফিরে আসার সম্ভাবনা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী।
রচনার শো ছাড়ার পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না, সেই প্রশ্নও উঠেছে। তবে অভিনেত্রী সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণভাবে চ্যানেলের সিদ্ধান্ত। এদিকে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, রচনা প্রতি পর্বের জন্য প্রায় ১ থেকে ২ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। যদিও এই অঙ্কের সত্যতা নিয়ে চ্যানেল বা অভিনেত্রীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই প্রথম অবশ্য নয়, অতীতেও ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের মুখ বদল হয়েছিল। ২০১৩ সালে পঞ্চম সিজনে দেবশ্রী রায় সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধের জল্পনা শোনা গেলেও, রচনা, প্রযোজনা সংস্থা বা চ্যানেল কেউই সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। পরে অবশ্য ষষ্ঠ সিজন থেকেই আবার রচনা শোয়ে ফিরে আসেন।
আরও পড়ুনঃ গ্রেপ্তার হলো সায়ন্তন! শয়তানের চোখে নতুন কোনো চ’ক্রান্তের আভাস? এবারও কি পুলিশের হাত গলে পালাবে সে? দুর্ধর্ষ আজকের পর্ব
এবার নতুন সিজনে স্বস্তিকা মুখোপাধ্যায়ের পারিশ্রমিক নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। যদিও তাঁর সঙ্গে হওয়া চুক্তি বা পারিশ্রমিকের অঙ্ক এখনও প্রকাশ্যে আসেনি। তবে টলিউডের একাংশের ধারণা, তিনি প্রতি পর্বে প্রায় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে পারিশ্রমিক পেতে পারেন। যদিও এই তথ্যেরও কোনও সরকারি বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও মেলেনি।

