দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শারীরিক হে’নস্থার অভিযোগ! সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী! নিলেন আইনি পদক্ষেপ?

সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কে সরগরম টলিউড। পরিচালক দেবালয় ভট্টাচার্যের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। মঙ্গলবার রাতে করা সেই পোস্ট পরে নিজেই মুছে দেন পরিচালক। কিন্তু তার আগেই পোস্টের কমেন্ট বক্সে গুরুতর অভিযোগ আনেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। মুহূর্তের মধ্যে সেই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
অঙ্কিতা তাঁর মন্তব্যে দাবি করেন, এক পার্টিতে দেবালয় ভট্টাচার্য তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। অভিনেত্রীর অভিযোগ, পরিচালকের আচরণে তিনি অস্বস্তিতে পড়েছিলেন। যদিও কমেন্টে তিনি পুরো ঘটনা বিস্তারিত লেখেননি, তবু তাঁর বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন, আবার কেউ কেউ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।
পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্কিতা জানান, তিনি আপাতত পুরো বিষয়টি প্রকাশ্যে আনতে চান না। কারণ, তিনি আইনি পথে এগোনোর কথা ভাবছেন। অভিনেত্রীর কথায়, একটি অনুষ্ঠানে দেবালয় নাকি জোর করে তাঁকে চুম্বন করার চেষ্টা করেছিলেন। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে চাননি তিনি। তাঁর বক্তব্য, প্রয়োজন হলে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপের মাধ্যমেই সব জানানো হবে।
অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে দেবালয় ভট্টাচার্য জানান, তিনি অন্য একটি বিষয় নিয়ে পোস্ট করেছিলেন। সেখানে কেউ এসে মন্তব্য করেছেন, তার দায় তাঁর নয় বলেই দাবি পরিচালকের। তিনি বলেন, অভিযোগ থাকলে আইনত ব্যবস্থা নেওয়া উচিত, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা করার কোনও মানে নেই। পাশাপাশি তিনি এটাও জানান, তাঁকে ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলেই তাঁর মনে হয়েছে।
আরও পড়ুনঃ অফিসে ফিরতেই পল্লবীর বিরুদ্ধে সুপর্ণাদের চক্রব্যূহ! অন্যদিকে মহাজনের ঋণের দায়ে ডুবে শ্রীনিবাস! চারদিক থেকে ঘনিয়ে আসা অন্ধকার কি কাটাতে পারবে পল্লবী?
দেবালয় কেন পোস্ট মুছে দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অঙ্কিতা। তাঁর মতে, ভয় না থাকলে পোস্ট ডিলিট করার প্রয়োজন পড়ত না। যদিও পরিচালক জানিয়েছেন, পোস্টটি আর প্রাসঙ্গিক মনে হয়নি বলেই তিনি তা সরিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনিও আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। ফলে এই বিতর্ক এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর টলিউডের।

