শেষমেষ ‘অনুজ’ শিরিনের ভাই? ‘গুড্ডি’ ধারাবাহিকে সম্পর্কের এমন পরিণতি দেখে শোরগোল নেটদুনিয়ায়

যত দিন যাচ্ছে ‘গুড্ডি’ ধারাবাহিক ততই যেন একের পর এক নতুন খোলস খুলছে। শেষমেশ কোন দিকে মোড় ঘুরবে তাই এবার দেখার! এতদিন গুড্ডি এবং অনুজের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল শিরিন। কিন্তু এবার শিরিন-গুড্ডি এবং অনুজের লাভ ট্রায়াঙ্গেলে এসেছে যুধাজিৎ। যুধাজিৎ-এর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে গুড্ডির।

অন্যদিকে এই খবর শোনার পর থেকেই অনুজ মেনে নিতে পারছে না এই বিয়ে। অনুজ এখন ভয় পাচ্ছে গুড্ডিকে হারানোর। তাই বারংবার গুড্ডিকে বিয়ে না করার জন্য জোড় করতে দেখা গেছে অনুজকে। কিন্তু গুড্ডি তার সিদ্ধান্তের নড়চড় করবে না বলে জানিয়েছে। তবে গুড্ডি তার কাছে একটি শর্তও রাখে। সেই শর্ত মতো বিয়ের আগেরদিন অনুজ এসে সকলের সামনে গুড্ডিকে ভালোবাসার কথা স্বীকার করে এবং বলে যে গুড্ডি তার স্ত্রী!

গুড্ডি এরপরও যুধাজিৎ-কে বিয়ে করবে বলেই জানায়। যা শুনে অনুজ অবাক হয়। তারপর বহু দর্শক গুড্ডিকে খারাপ মেয়ে বলে বিচার করে কারণ সে তার কথা রাখেনি। অনেকেই বলেন, ‘গুড্ডি বদলে গেছে’। আবার অনেকে বলেন, ‘আবার হয়তো গুড্ডিও পরকীয়ায় জড়াবে!’ এটাও বলছে, ‘গুড্ডি অনেক বড় খেলোয়াড় সবাইকে খেলাচ্ছে!’

ধারাবাহিকে দেখা যায়, গুড্ডির সাথে যুধাজিতের বিয়ের সময় অনুজ সবার সামনে আবারও বলে যুধাজিৎ যেন এই বিয়েটা না করে, কারণ গুড্ডি শুধু অনুজকে ভালোবাসে। গুড্ডি বিবাহিত। কিন্তু এত সব কিছু শোনার পরেও শিরিনের মনে হয়ে, অনুজ এইসবটা গুড্ডির ব্ল্যাকমেলে পড়ে করছে।

শিরিন সবার সামনে গুড্ডিকে দোষারোপ করতে থাকে। সেখান থেকে বাড়ি ফিরে অনুজ জ্বরে পড়ে তখন সবার মনে হয় যে সে অসুস্থ ছিল বলেই এইরকম ব্যবহার করছিল। অনুজের জ্ঞান ফিরে সে বলে সে আর বাঁচতে চায় না। তখন শিরিন অবাক হয়ে অনুজকে বলে “কেন বাঁচতে চাও না তুমি ? গুড্ডির বিয়ে হয়ে যাচ্ছে বলে ? তার মানে তুমি এতদিন গুড্ডির জন্য বেঁচে ছিলে ?তার মানে তুমি আমাকে যা কিছু বলেছ সব মিথ্যে?”

ধারাবাহিকের এই ভিডিওটি পোস্ট করবার সময় স্টার জলসা ক্যাপশনে লেক হয়েছিল, ‘অনুজের প্রতি বিশ্বাস হারালো শিরিন’। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন পোস্ট করেন, তিনি তার ফোন ইংরেজি ট্রান্সলেশন মোড অন করে রেখেছিলেন, সেইখানে ‘অনুজের প্রতি বিশ্বাস হারালো শিরিন’-এর ইংরেজিতে রূপান্তর হয়ে দেখায় যে, ‘Shirin lost faith in younger brother ’-‘অর্থাৎ শিরিন তার ছোট ভাইয়ের প্রতি বিশ্বাস হারালো!’ আর তা দেখে হাসতে থাকে বাকি নেটিজনেরা। অনেকে আবার হাসাহাসি করে বলেন, “লীনা পিসিকে বিশ্বাস নেই জটিল সম্পর্কের সমীকরণ বোঝাতে গিয়ে শেষমেষ হয়তো এমনটাই দেখিয়ে দেবে যে অনুজ শিরিনের ভাই”!

Back to top button