‘তোমায় ছাড়া জীবনটা অনেক বেশি…’ ‘তুমি এখনও আমার আশেপাশেই আছো…’ বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট! ৯ মাস পরও শূন্যতায় ভুগছেন সম্পূর্ণা!

২০২৫ সাল অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর জীবনে গভীর দুঃখের ছাপ রেখে গেছে। মাত্র ছয় মাসের ব্যবধানে বাবা ও মাকে হারাতে হয়েছে তাঁকে। দীর্ঘদিন হার্টের সমস্যায় ভোগার পর প্রয়াত হন তাঁর বাবা নীলাদ্রি লাহিড়ী। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি, যা অভিনেত্রীর জীবনে বড় আঘাত হয়ে আসে।

বাবার মৃত্যুর প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও সেই শূন্যতা এখনও কাটিয়ে উঠতে পারেননি সম্পূর্ণা। বাবার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, বাবাকে ছাড়া এতদিন কেটে গেলেও কোনো দিনই আর সম্পূর্ণ মনে হয়নি তাঁর কাছে।

অভিনেত্রী জানিয়েছেন, প্রতিটি ছোট মুহূর্তে তিনি বাবার অভাব অনুভব করেন। আনন্দ হোক বা দুঃখ, সব কিছুই বাবার সঙ্গে ভাগ করে নেওয়ার অভ্যাস ছিল তাঁর। এখনো সেই কথাগুলো জমে থাকে মনে, যা আর বলা হয়ে ওঠে না। নিজের কষ্ট, দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতার কথাও তিনি আগের মতো বাবার সঙ্গে ভাগ করতে চান বলে জানিয়েছেন।

সম্পূর্ণা আরও লিখেছেন, তাঁর বাবা খুব সহজভাবে কঠিন সমস্যার সমাধান করে দিতে পারতেন। সেই মানুষটি না থাকায় জীবন অনেক বেশি ভারী মনে হয়। মাঝে মাঝে শূন্যতা এতটাই তীব্র হয় যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবুও তিনি বিশ্বাস করেন, বাবা এখনও তাঁর আশেপাশেই আছেন এবং তাঁকে পথ দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ ‘শুধুমাত্র ওনার মুখের দিকে তাকিয়ে আমি এতদিন…’ রাজনীতি থেকে কেন সরে এলেন অভিনেতা? বিরোধীপক্ষের জয়ের পর মুখ খুললেন কাঞ্চন মল্লিক!

এই কঠিন সময়েও নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, শক্ত থাকার চেষ্টা করছেন এবং এমন একজন মানুষ হতে চান, যাকে দেখে তাঁর বাবা গর্বিত হতেন। পোস্টের শেষে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, যেখানেই থাকুন, ভালো থাকুন তাঁর ‘সুপারহিরো’।

Back to top button