কাজ না মেলায় মুদির দোকান হয়ে উঠেছিল ভরসা! দীর্ঘ দিন পর ফের ‘পরিণীতা’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন খলনায়ক সুরজিৎ সেন!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে মাঝেমধ্যেই শোনা যায় কাজ হারানোর আক্ষেপ। বিশেষ করে যোগ্য সম্মান ও সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেক অভিজ্ঞ শিল্পী। বড় পর্দা হোক বা ছোট পর্দা এক সময়ের দাপুটে অভিনেতা-অভিনেত্রীদের অনেককেই এখন আর সেভাবে পর্দায় দেখা যায় না। টলিপাড়ার এই কঠিন বাস্তবতার শিকার হয়েছেন অনেকেই। রাজনৈতিক সমীকরণ বা লবিংয়ের যাঁতাকলে পড়ে অনেক প্রতিভাবান শিল্পীই আজ প্রচারের আড়ালে হারিয়ে গিয়েছেন, যা নিয়ে দর্শকদের মনেও ক্ষোভের শেষ নেই।

এই পরিস্থিতির অন্যতম উদাহরণ হলেন অভিনেতা সুরজিৎ সেন। দীর্ঘ ২৪ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত এই অভিনেতা এক সময় বড় পর্দা থেকে ছোট পর্দায় দাপটের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে খলনায়ক বা নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। দেব, জিৎ, কোয়েল মল্লিক থেকে শুরু করে যীশু সেনগুপ্তের মতো সুপারস্টারদের সঙ্গে একই স্ক্রিন শেয়ার করেছেন তিনি। নিজের অভিনয় দক্ষতায় বারবার প্রমাণ করেছেন যে, চরিত্র ছোট হোক বা বড়, সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করা সম্ভব।

আরও পড়ুনঃ সুরে সুরেই মিলেছিল দুটি মন! সুরেই প্রেম আর প্রেমেই সঙ্গীত! আশা ভোঁসলে ও পঞ্চমের অমলিন গল্প আজও জীবন্ত মানুষের হৃদয়ে!

তবে জীবন সবসময় এক ছন্দে চলে না। বিগত বেশ কয়েক বছর ধরে টলিউডের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে সরে গিয়েছিলেন সুরজিৎ। ইন্ডাস্ট্রিতে কাজের অভাব এবং অভাবের সংসার সামলাতে শেষমেশ অভিনয়ের মোহ ত্যাগ করে মুদি দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দীর্ঘদিনের অভিনয় জীবন ছেড়ে পেটের দায়ে সেই মুদি দোকান চালিয়েই সংসার চালাচ্ছিলেন অভিনেতা। পর্দার খলনায়কের এই লড়াই দেখে ব্যথিত হয়েছিলেন তাঁর গুণমুগ্ধ অনুরাগীরাও।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। দীর্ঘ বিরতির পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরেছেন এই শক্তিশালী অভিনেতা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র হাত ধরে কামব্যাক করছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে অভিনেতার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। আবারও সেই চিরচেনা খলনায়কের বেশেই তাঁকে দেখা যাবে পর্দায়। যদিও চরিত্রটির ব্যাপ্তি সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি, তবে তাঁর ফেরাটাই ভক্তদের কাছে বড় প্রাপ্তি।

সুরজিৎ সেনের এই প্রত্যাবর্তনে সোশ্যাল মিডিয়ায় খুশির জোয়ার দেখা দিয়েছে। দর্শক মহলে তাঁকে নিয়ে উন্মাদনা তুঙ্গে, কারণ অনেকেই মনে করেন তাঁর মতো অভিজ্ঞ অভিনেতার জায়গা মুদি দোকানে নয়, বরং ক্যামেরার সামনেই মানায়। ‘পরিণীতা’ ধারাবাহিকের নতুন মোড় এবং সেখানে সুরজিতের এন্ট্রি গল্পের উত্তেজনা কতটা বাড়িয়ে দেয়, এখন সেটাই দেখার বিষয়। টলিউডের প্রতিকূলতা জয় করে তাঁর এই ফিরে আসা আগামী দিনে অনেক লড়াই করা শিল্পীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

Back to top button