‘ফোন এল, কথা পাকা… হঠাৎ কাজ হাতছাড়া!’ ২৩ বছরের অভিজ্ঞতা, তবুও রুপোলি পর্দায় ব্রাত্য? কাজ না পাওয়া নিয়ে আসল সত্যিটা ফাঁস করলেন অভিনেত্রী অবন্তী দত্ত!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে তাঁর পথচলা শুরু হয়েছিল প্রায় ২৩ বছর আগে। আকাশ বাংলার ‘পুলিশ ফাইলস’ থেকে শুরু করে ‘মোহনা’ বা ‘আয় বৃষ্টি ঝেপে’র মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তিনি অভিনেত্রী অবন্তী দত্ত (Abanti Dutta)। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য মা বা কাকিমার চরিত্রে অভিনয় করে ঘরের মানুষ হয়ে উঠেছেন তিনি। কিন্তু বর্তমানে পর্দার এই পরিচিত মুখটি কাজ থেকে কিছুটা দূরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন সংগ্রাম এবং টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক সব তথ্য ভাগ করে নিলেন অভিনেত্রী।
অভিনেত্রীর মতে, গত দুই দশকে স্টুডিও পাড়ার পরিবেশ আমূল বদলে গেছে। আগে যেখানে কাজের একটা নির্দিষ্ট সিস্টেম ছিল, এখন তা অনেকটাই শিথিল। অবন্তী জানান, “আগে সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটা শ্রদ্ধার দূরত্ব ছিল, যা এখন বন্ধুত্বের রূপ নিয়েছে।” তবে এই বদলকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। কিন্তু তাঁর আক্ষেপ অন্য জায়গায়। অভিজ্ঞ শিল্পীদের প্রাপ্য সম্মান বা চরিত্র দেওয়ার ক্ষেত্রে টলিউড কি কোথাও পিছিয়ে যাচ্ছে? অভিনেত্রীর কথায়, বর্তমানে ৩০-৪০ বছর বয়সী অভিনেত্রীদেরও অনেক বড় বয়সের চরিত্রে অভিনয় করতে বাধ্য করা হয়, যা ইন্ডাস্ট্রির এক ধরণের ‘রিস্ক’ না নেওয়ার প্রবণতা।

সাক্ষাৎকারে উঠে এল কাস্টিং কাউচ বা স্বজনপোষণের এক অদৃশ্য ছায়া। অবন্তী জানান, অনেক সময় তাঁর কাছে কাজের ফোন আসে, সব চূড়ান্ত হয়ে যাওয়ার পর হঠাৎ জানানো হয় কাজটা অন্য কেউ করছে। তিনি বলেন, “আমাকে ফোনে জানানো হয় যে ওপর মহল থেকে অন্য কারো নাম রেফার করা হয়েছে, তাই আপনাকে নেওয়া গেল না।” এই ধরণের ঘটনার ভুক্তভোগী হয়েও তিনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি। বরং শান্ত মনেই মেনে নিয়েছেন সবটা। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে যে ধরণের ‘পিআর’ বা ঘনিষ্ঠতা বজায় রাখতে হয়, তা তাঁর স্বভাবে নেই।
ব্যক্তিগত জীবনে অবন্তী অত্যন্ত ঘরোয়া এবং প্রকৃতিপ্রেমী। কাজের পর সোজা বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতেই তিনি পছন্দ করেন। তাঁর এই লড়াইয়ে সবথেকে বড় শক্তি তাঁর স্বামী। অভিনেত্রীর কথায়, “আমার স্বামী অত্যন্ত সাপোর্টিভ। ১২ বছরের বিবাহ বার্ষিকীতেও যখন আমি শুটিংয়ের জন্য ফিরতে পারিনি, সে একা সব সামলে নিয়েছিল।” ইন্ডাস্ট্রির ভেতরে প্রেম বা বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন থাকলেও, অবন্তী বরাবরই স্পষ্টবক্তা। তিনি মনে করেন, অভিনয়ের মেকআপ ধুয়ে ফেললে তিনি স্রেফ একজন সাধারণ মানুষ, যার কোনো বাড়তি চাহিদা নেই।
আরও পড়ুনঃ ‘গলার আওয়াজ থেকে হাইট সবই সেরা!’ টলিউড অভিনেতার প্রেমে পাগল দেবলীনা নন্দী! ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেও কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন গায়িকা?
বর্তমানে কাজ কম থাকলেও অবন্তী কিন্তু দমে যাননি। সোশ্যাল মিডিয়ায় গান এবং কবিতা পাঠের মাধ্যমে তিনি নিজের সৃজনশীলতা বজায় রাখছেন। তিনি আজও অডিশন দিয়ে কাজ পেতে পিছপা নন। অভিনেত্রীর বিশ্বাস, প্রকৃতি তাকে অনেক কিছু দিয়েছে এবং সঠিক সময়ে আবারও ভালো কোনো সুযোগ তাঁর দরজায় কড়া নাড়বে। আপাতত সেই নতুন শুরুর অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই লড়াকু অভিনেত্রী।

