বিতর্কের মাঝেই নতুন চমক! শুধু অভিনেতা হিসেবে নয়, এবার এক নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করছেন জীতু কমল!

গত কয়েক দিন ধরে অভিনেতা জীতু কমলকে ঘিরে টলিপাড়ায় তুমুল আলোচনা চলছে। প্রযোজক ও পরিচালকের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসার পর বিষয়টি আরও বড় আকার নেয়। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম সব জায়গাতেই এই বিতর্ক নিয়ে চর্চা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শোনা যাচ্ছে, নিজের কেরিয়ারে নতুন একটি অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা।
ইন্ডাস্ট্রিতে বহু তারকাই ইতিমধ্যেই প্রযোজনার কাজে হাত দিয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব কিংবা যিশু সেনগুপ্তদের মতো নামী অভিনেতাদের নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। সেই তালিকায় এবার নাকি যোগ হতে চলেছে জীতু কমলের নামও। সূত্রের খবর, তিনি নিজের প্রযোজনা সংস্থার নাম রেখেছেন বাসুকি ফিল্মস এবং ইতিমধ্যেই সেটির রেজিস্ট্রেশনও সম্পন্ন হয়েছে।
জানা যাচ্ছে, জীতু ভক্তিমূলক ভাবধারার মানুষ। তাই তাঁর সংস্থার নামকরণেও সেই বিশ্বাসের ছাপ রয়েছে। খুব শীঘ্রই তিনি নিজের এই নতুন উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন বলেও ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও সরাসরি কিছু জানানো হয়নি।

বর্তমানে জীতুকে ছোটপর্দায় দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ। এই ধারাবাহিকের শুটিং নিয়েই তাঁর ব্যস্ততা তুঙ্গে। তার মধ্যেই নতুন প্রযোজনা সংস্থা গড়ার পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত করছেন, তা নিয়ে কৌতূহল বাড়ছে অনুরাগীদের মধ্যে। তাঁর সময় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নও উঠছে অনেকের মনে।
আরও পড়ুনঃ বিয়ের আগে হয়নি প্রেম নিবেদন! ‘প্রথমে পছন্দই করতো না…’ শুভাশিসের কোন গুণে মন গলল সুস্মিতার? মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন নবদম্পতি?
এদিকে পর্দায় জীতু ও শিরিন পালের জুটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। ফলে অনেকেই ভাবছেন, নতুন প্রযোজনা সংস্থার মাধ্যমে কি দর্শক আরও নতুন গল্প বা নতুন জুটি দেখতে পাবে। বিতর্কের মাঝেই এই নতুন পরিকল্পনা যে তাঁর কেরিয়ারে বড় পরিবর্তন আনতে পারে, তা বলাই যায়।

