হলো না ভালোবেসে ঘর বাঁধা! ১১ বছর লিভইন করলেও মেলেনি স্ত্রীর স্বীকৃতি! আজ একাকিত্বই ঋ-এর একমাত্র সঙ্গী!

রুপোলি পর্দায় তিনি কখনও দাপুটে খলনায়িকা, আবার কখনও প্রথা ভাঙা সাহসী অভিনেত্রী। টলিউডের ছক ভাঙা অভিনেত্রীদের তালিকায় ঋতুপর্ণা সেন (Rituparna Sen) ওরফে ‘ঋ’ বরাবরই প্রথম সারিতে। কিন্তু ক্যামেরার সামনে যাকে যতটা আত্মবিশ্বাসী আর নির্ভীক দেখায়, তার ব্যক্তিগত জীবনের অন্দরমহল কি ততটাই রঙিন? না, পর্দার পেছনের গল্পটা বেশ দীর্ঘশ্বাস আর একাকিত্বে মোড়া।

ঋ-এর জীবনের এক বড় অধ্যায় জুড়ে ছিলেন পরিচালক কৌশিক মুখোপাধ্যায়। কাজের সূত্রে বন্ধুত্ব এবং তারপর গভীর প্রেম। সম্পর্ক এতটাই গভীর ছিল যে, তারা দীর্ঘ ১১ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। টলিপাড়ায় তাদের জুটি ছিল চর্চার কেন্দ্রবিন্দু। কিন্তু দীর্ঘ এক দশকের বেশি সময় পার করেও সেই সম্পর্ক পরিণয় পায়নি। বিয়ের পিঁড়িতে বসা আর হয়ে ওঠেনি তাদের।

সম্পর্ক ভাঙার মুহূর্তগুলো ছিল ঋ-এর জীবনের কঠিনতম সময়। এক সাক্ষাৎকারে তিনি স্মৃতি হাতড়ে জানিয়েছিলেন সেই যন্ত্রণার কথা। যখন তাদের বিচ্ছেদ পর্ব চলছে, ঠিক তখনই অভিনেত্রী আক্রান্ত হয়েছিলেন মারণব্যাধি টাইফয়েডে। সেই কঠিন সময়ে যার পাশে থাকার কথা ছিল সবচেয়ে বেশি, সেই মানুষটি একবারও খোঁজ নিতে আসেননি। ঋ বলেছিলেন, “আমি হয়তো তখন মরেই যেতে পারতাম, অথচ সে জানতেও চায়নি আমি বেঁচে আছি না মরে গিয়েছি।” যখন তিনি যন্ত্রণায় ছটফট করছেন, তখন প্রিয় মানুষটি ব্যস্ত ছিলেন অন্য কাউকে নিয়ে।

ভালোবাসার মানুষের এমন আচরণ ঋ-কে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। তিনি আক্ষেপ করে বলেছিলেন, যাদেরকে তিনি মন থেকে ভালোবেসেছেন, তাদের কেউই শেষ পর্যন্ত তার পাশে থাকেনি। সবাই নিজের মতো করে সংসার পেতেছে, জীবন গুছিয়ে নিয়েছে। কিন্তু ঋ আজও রয়ে গেছেন একা। সেই একাকিত্বকেই তিনি আপন করে নিয়েছেন।

আরও পড়ুনঃ ‘নচিকেতার মেয়ে বলে আলাদা করে…’ বাবার পরিচয়ে নয়, নিজের পরিচয়ে বাঁচেন নচিকেতাকন্যা ধানসিড়ি চক্রবর্তী! মেয়েকে নিয়ে কি বললেন গায়ক?

বর্তমানে ঋতুপর্ণা সেন নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। একা থাকাটাকেই এখন অভ্যেস করে ফেলেছেন তিনি। এখন তার দিনের অনেকটা সময় কাটে শরীরচর্চা আর নিয়মিত কাজ নিয়ে। ধারাবাহিকের পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও, বাস্তব জীবনে একাকিত্বের ছায়া যেন তাকে আজও তাড়া করে বেড়ায়। প্রেমের সেই ক্ষত আজও হয়তো তাকে তাড়া করে, তাই বোধহয় আর কখনোই বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবেননি এই অভিনেত্রী।

Back to top button