‘আমি পালিয়ে যেতে শিখিনি তাই আ’ত্মহত্যা করতে পারিনি, কিন্তু…’ হাসিমুখের আড়ালে জমে রয়েছে যন্ত্রণা! কেন এমন বললেন অভিনেত্রী মানসী সিনহা?

বাঙালি দর্শকদের কাছে তিনি অত্যন্ত পরিচিত মুখ, যাঁর অভিনয় মানেই সাবলীল কমেডি আর নিখুঁত চরিত্রায়ন। কিন্তু এবার পর্দার সামনের সেই চেনা গণ্ডি পেরিয়ে পর্দার পেছনে ‘পরিচালক’ হিসেবে নিজের শক্ত অবস্থান জানান দিলেন অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha)। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’-র নেপথ্য কাহিনী এবং নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে মুখ খুললেন তিনি। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, এই সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না; বরং প্রতিটি পদক্ষেপে ছিল প্রতারণা আর অসম্মানের বিরুদ্ধে এক চোয়াল চাপা লড়াই।
দীর্ঘ চার বছরের এক অনিশ্চিত যাত্রার ফসল এই সিনেমা। ২০২০ সালে শুটিং শুরু হলেও ছবিটির কাজ শেষ করতে কালঘাম ছুটেছিল এই নবীন পরিচালকের। মানসী জানান, ছবির কাজ শুরুর দিকে এক অর্থলগ্নিকারীর কুচক্রী জালে ফেঁসে গিয়েছিল গোটা প্রজেক্ট। তাঁর সই জাল করা থেকে শুরু করে তাঁর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণার মিথ্যে অভিযোগ আনা হয়েছিল। সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে মানসী বলেন, ‘আমি এস্কেপিস্ট নই, তাই লড়াই ছেড়ে পালাইনি।’ আইনি জটিলতা এবং থানা-পুলিশ সামলে শেষ পর্যন্ত নিজের সততা প্রমাণ করেছেন তিনি, যার ফলে অভিযুক্ত ব্যক্তিকে জেল হেফাজতেও যেতে হয়েছে।
মানসীর এই লড়াকু মানসিকতার শিকড় লুকিয়ে আছে উত্তর কলকাতার অলিগলিতে। খুব অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ এবং মায়ের একক সংগ্রাম তাঁকে সময়ের আগেই পরিপক্ক করে তুলেছিল। মাত্র নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই অর্থ উপার্জনের তাগিদে মায়ের সাথে অফিস ক্লাবের নাটকে অভিনয় শুরু করেন তিনি। তাঁর কথায়, মা এবং শ্বশুরমশাইয়ের আদর্শই তাঁকে শিখিয়েছে প্রতিকূল পরিস্থিতিতে মাথা উঁচু করে দাঁড়াতে। নিজের যমজ সন্তানদের সামলানোর পাশাপাশি এই দীর্ঘ লড়াই লড়ে যাওয়াটা ছিল তাঁর কাছে এক অগ্নিপরীক্ষা।
অভিনয় জীবনের হাতেখড়ি নিয়ে কথা বলতে গিয়ে মানসী শ্রদ্ধাভরে স্মরণ করেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারকে। ‘আলো’ সিনেমায় তাঁর অভিনীত ‘আন্নাকালী’ চরিত্রটি ছিল তাঁর চলচ্চিত্র জীবনের মাইলফলক। মানসী জানান, তরুণ মজুমদারই তাঁকে হাতে ধরে শিখিয়েছিলেন মঞ্চের অভিনয়ের সাথে ক্যামেরার সামনে অভিনয়ের সূক্ষ্ম পার্থক্য। জীবনের শেষ দিন পর্যন্ত প্রয়াত পরিচালক তাঁকে আন্নাকালী বলেই ডাকতেন। আজ পরিচালক হিসেবে কাজ করতে গিয়ে সেই শিক্ষার গুরুত্ব প্রতি মুহূর্তে অনুভব করেন মানসী।
আরও পড়ুনঃ ‘অনেকেই জানেন আমি অভিনয়টা পারি, তবু কাজ দেন না’, টলিউডের কোন ‘নোংরা’ রাজনীতির শিকার শ্রীলেখা মিত্র? মুখ খুললেন অভিনেত্রী!
সাক্ষাৎকারের শেষে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক দর্শন নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন। বর্তমানে সংসার, অভিনয় এবং পরিচালনা— এই তিন নৌকায় পা দিয়েও দারুণ ভারসাম্য বজায় রাখছেন তিনি। সরাসরি সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা না থাকলেও তিনি স্পষ্ট জানান যে, আদর্শগতভাবে তিনি বামপন্থায় বিশ্বাসী। তাঁর মতে, শিল্পীর কাজ হলো মানুষের জন্য কথা বলা এবং সেই দায়বদ্ধতা থেকেই তিনি আগামী দিনেও ভালো গল্পের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দিতে চান।

