হাসপাতালের বিছানায় যমে-মানুষে টানাটানি! ড্যান্স বাংলা ড্যান্স-এর ছোট্ট রোদ্দুরের ফুসফুসে গুরুতর সংক্রমণ!

জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর (Dance Bangla Dance) মঞ্চ কাঁপানো খুদে নৃত্যশিল্পী রোদ্দুর মুখোপাধ্যায় (Roddur Mukherjee) বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। গত কয়েকদিন ধরে ফুসফুসের গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়ে সে হাসপাতালে ভর্তি। রোদ্দুরের এই আকস্মিক অসুস্থতার খবরে শোকের ছায়া নেমে এসেছে স্টুডিও পাড়া থেকে শুরু করে তার অগুনতি ভক্ত মহলে। বর্তমানে বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে যমে-মানুষে টানাটানি চলছে এই একরত্তি প্রতিভার।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল রোদ্দুর। সাধারণ ভাইরাল ফিভার মনে করে প্রথমে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। উল্টো ক্রমাগত কাশি ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় চিকিৎসকরা রক্ত পরীক্ষা ও বুকের এক্স-রে করার পরামর্শ দেন। রিপোর্টে দেখা যায়, রোদ্দুর ভয়াবহভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে, তার কচি ফুসফুসে জল ও পুঁজ জমে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

প্রাথমিকভাবে তাকে ফুলবাগানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে টানা ৪-৫ দিন আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বর্তমানে তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। তবে বিপদ এখনও কাটেনি। চিকিৎসকরা জানিয়েছেন, ড্রেন পাইপের মাধ্যমে তার ফুসফুস থেকে জমে থাকা পুঁজ ও রক্ত বের করা হচ্ছে। চিকিৎসক পল্লব চ্যাটার্জির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং আগামী কয়েক ঘণ্টা তার শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখা হচ্ছে।

রোদ্দুরের এই কঠিন সময়ে তার পরিবারের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা ও জীতু কামাল। দুজনেই ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে রোদ্দুরের বাবার সঙ্গে দেখা করেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অঙ্কুশ ও জীতু ছাড়াও ‘জি বাংলা’ কর্তৃপক্ষ এই খুদে শিল্পীর পাশে দাঁড়িয়েছে। রোদ্দুরের বাবা জানিয়েছেন, টলিউডের এই সংহতি তাদের মনে সাহস জোগাচ্ছে, কারণ ইতিমধ্যেই চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ‘আমাকে ‘অসৎ’ বলেছিল…’ ‘আমি ভালো দেখতে নই, ওর আরও ভালো দেখতে নায়ক চাই…’ রাজ চক্রবর্তীর বিরুদ্ধে মানসিক হেনস্থার গুরুতর অভিযোগ রাহুল ব্যানার্জির!

রোদ্দুরের বাবার চোখেমুখে এখন শুধুই আতঙ্কের ছাপ। তিনি জানিয়েছেন, ‘ছেলের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছি না। চিকিৎসকরা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না যে ওর বড় কোনো অস্ত্রোপচার লাগবে কি না।’ অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় রদ্দুরের দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন হাজার হাজার মানুষ। মধ্যবিত্ত পরিবারের এই লড়াকু শিল্পী যাতে সুস্থ হয়ে আবার নাচের মঞ্চে ফিরে আসতে পারে, তার জন্য সকলের কাছে অন্তরের প্রার্থনা চেয়েছেন তার পরিবার ও শুভানুধ্যায়ীরা।

Back to top button