‘আমি কোনো জুনিয়ার আর্টিস্টের সঙ্গে মেকআপ রুম শেয়ার করব না…’ কেন এমন বললেন অভিনেত্রী? টলিউড নিয়ে বি’স্ফোরক অর্পিতা মুখার্জী!

টলিউড এবং বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী অর্পিতা মুখার্জী (Arpita Mukherjee)। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। বিউটি পেজেন্ট থেকে কেরিয়ার শুরু করে ‘পাগল প্রেমী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখা, এরপর ধারাবাহিকের জগতে তাঁর যাত্রা সব মিলিয়ে অর্পিতা বরাবরই নিজের অভিনয়ের দক্ষতার জন্য সমাদৃত। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘নন্দিনী’-তে নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। তবে ক্যামেরার সামনের এই উজ্জ্বল জগতের আড়ালে যে কত বড় অন্ধকার লুকিয়ে রয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য ছড়িয়েছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে অর্পিতা নিজের কেরিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা শোনার পর অনেকেই চমকে উঠেছেন। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে নতুন থাকাকালীন তাঁকে ভয়াবহ অপমানের মুখোমুখি হতে হয়েছিল। একজন তথাকথিত সিনিয়র অভিনেতা তাঁর সাথে মেকআপ রুম শেয়ার করতে রাজি হননি। সেই ঘটনা স্মরণ করে অর্পিতা বলেন, ‘সোকলড অনেক সিনিয়র…তিনি একজনকে ফোন করে বলছে আমি সামনে বসে আছি যে আমি কোনো জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুম শেয়ার করব না।’ নিরুপায় হয়ে সেই সময় ভরতলক্ষ্মী স্টুডিওর “গাছের তলায় বসে” তাঁকে মেকআপ নিতে হয়েছিল। ইন্ডাস্ট্রিতে সিনিয়রদের এই ধরণের আচরণ যে নতুন অভিনেতাদের মনোবল ভেঙে দেয়, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি।

বর্তমান কাস্টিং পদ্ধতি নিয়েও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অর্পিতা। তিনি স্পষ্ট জানিয়েছেন, অভিনয়ের দক্ষতা দেখার পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা দেখে অভিনেতা নির্বাচন করার যে প্রবণতা শুরু হয়েছে, তাতে তাঁর ঘোর আপত্তি রয়েছে। অভিনেত্রী আক্ষেপের সুরে বলেন, ‘ফলোয়ার্স দেখে কাস্টিং করা এইটাতে আমার একটু আপত্তি তার কারণ হচ্ছে ফলোয়ার্স হয়তো আমার মিলিয়নস থাকতে পারে কিন্তু আমি পারফর্মার কিরকম…পারফর্মার দেখে কাস্টিং করা উচিত।’ তাঁর মতে, এই ভুল পদ্ধতির কারণে অনেক প্রতিভাবান শিল্পী কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি তিনি করেছেন নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মানসিকতা নিয়ে। অর্পিতা দাবি করেছেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে নতুনদের মধ্যে ধৈর্যের চরম অভাব দেখা যাচ্ছে এবং তারা দ্রুত সফল হওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। এই প্রবণতা নতুন প্রজন্মের জীবনে কতটা বিপদ ডেকে আনছে, সে বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘অদ্ভুতভাবে প্রথমে আসছে গাড়ি-বাড়ি, তারপরে সুইসাইড।’ কেরিয়ারের শুরুতেই অত্যাধিক চাহিদা এবং মানসিক চাপের কারণে এই আত্মহননের পথ বেছে নেওয়ার প্রবণতা ইন্ডাস্ট্রির অন্দরমহলে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ ‘আবীর ইজ এ সুইটহার্ট, ওর জন্য মেয়েরা পাগল!’ ‘একটুর জন্য আবির দাকে পেতে পেতেও পেলাম না…’ — টলিউডের হার্টথ্রব নায়ক! তবুও আবীরের হৃদয়ে কেবলই স্ত্রী নন্দিনী!

শুধু তাই নয়, অভিনেত্রী আরও জানিয়েছেন, অনেক ক্ষেত্রে বড় চরিত্রে কনফার্ম হওয়ার পরেও শুধু বড় স্টারের হস্তক্ষেপে কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এই ধরণের ঘটনা ইন্ডাস্ট্রিতে তারকাদের দাপট নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। তবে এত কিছুর পরেও অর্পিতা লড়াই চালিয়ে গেছেন এবং বর্তমানে তিনি মেগা সিরিয়ালে কাজ করতে পেরে খুশি। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে অর্পিতার এই চাঁছাছোলা মন্তব্য যে ইন্ডাস্ট্রির অন্দরে অনেককে অস্বস্তিতে ফেলবে, তা বলাই বাহুল্য।

Back to top button