‘জ্ঞান হওয়ার পর, দেড় বছর বয়স থেকেই আমি শিবরাত্রি পালন করি!’ দেড় বছর বয়সে শিবের ব্রত! ছোট থেকেই উপোস করতেন নবনীতা চ্যাটার্জি! অভিনেত্রীর কথা শুনে অবাক টলিপাড়া!

আজ পবিত্র মহা শিবরাত্রি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কথিত আছে, এই দিনেই শিব ও শক্তির মিলন ঘটেছিল। শুধু সাধারণ মানুষই নন, টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও শিবরাত্রির ব্যাপক উন্মাদনা দেখা যায়। অনেক তারকারাই আজকের এই বিশেষ দিনে উপবাস থেকে মহাদেবের মাথায় জল ঢেলে ব্রত পালন করেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী নবনীতা দে চ্যাটার্জি (Nabanita Dey Chatterjee)।
বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত এবং দক্ষ মুখ হলেন নবনীতা দে। বর্তমানে তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ অভিনয় করে দর্শকদের মন জয় করছেন। তবে তার আজকের এই সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না। একসময় ব্যক্তিগত জীবনে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন তিনি। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতা কাটিয়ে স্বামীকে ছেড়ে চলে আসতে হয়েছিল মায়ের আশ্রয়ে। সেই অন্ধকার সময়ে নিজের মানসিক শক্তি এবং অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে টিকিয়ে রেখেছিল। পরবর্তীতে অভিনেতা রাজা ঘোষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তিনি নতুন জীবনের স্বাদ পান। রাজার সহযোগিতায় এবং নিজের অদম্য জেদে অতীতকে পেছনে ফেলে নবনীতা আজ ছোট পর্দার একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিবরাত্রি পালন নিয়ে অভিনেত্রী নবনীতা দে-র কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চার জন্ম দিয়েছে। সেই সাক্ষাৎকারে নিজের ভক্তি ও ছোটবেলার অভ্যাসের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, বর্তমানে কাজের ব্যস্ততার কারণে তিনি আগের মতো কঠোর নিয়ম মেনে ব্রত পালন করতে পারেন না। তবে নিয়ম করে প্রতিবছর মহাদেবের মাথায় জল ঢালতে তিনি ভোলেন না। একসময় তিনি সারাদিন নির্জলা উপবাস থেকে নিষ্ঠার সাথে এই উৎসব পালন করতেন বলে জানিয়েছেন।
তবে বিতর্কের সূত্রপাত হয় অভিনেত্রীর একটি বিশেষ দাবিকে কেন্দ্র করে। নবনীতা জানান, তিনি যখন অত্যন্ত ছোট, অর্থাৎ মাত্র দেড় বছর বয়স, তখন থেকেই নাকি তিনি শিবরাত্রির ব্রত পালন করছেন। তার দাবি অনুযায়ী, সেই অতটুকু বয়স থেকেই তার মধ্যে ঈশ্বরভক্তি এবং পুজোর বিষয়ে এক ধরনের সচেতনতা বা ‘জ্ঞান’ তৈরি হয়েছিল। অভিনেত্রীর এই দেড় বছর বয়সে জ্ঞান হওয়া এবং ব্রত পালনের বিষয়টি সাধারণ দর্শকদের একাংশের কাছে বেশ অতিরঞ্জিত বলে মনে হয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন যে, দেড় বছর বয়সে একটি শিশুর পক্ষে কঠিন উপোস করা সম্ভব নয়।
আরও পড়ুনঃ আটকে গেল রায়ান-পারুলের ডিভোর্স ! শেষ থেকেই কি তবে নতুন শুরু? প্রকাশ্যে নতুন প্রোমো!
সাধারণ মানুষের কাছে হাস্যকর ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দর্শকরা সামাজিক মাধ্যমে মজার সব কমেন্ট করে লিখছেন যে, সাধারণত দেড় বছর বয়সে শিশুরা ঠিকঠাক কথা বলা বা হাঁটা শিখতেই হিমশিম খায় সেখানে অভিনেত্রী নাকি উপোস করতেন। ট্রোলিংয়ের শিকার হয়ে নবনীতাকে নিয়ে নানারকম মন্তব্য করেছেন অনেকেই। ট্যালেন্টেড অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার এই একটি মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জোগাচ্ছে।

