একটা ছোট্ট জ্যান্ত সরস্বতী! লাল পাড় সাদা শাড়ি, পায়ে লাল টুকটুকে আলতা! ইয়ালিনির মায়াভরা রূপে মুগ্ধ টলিপাড়া!

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি চক্রবর্তীর জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। ঘরোয়া পরিবেশে, পরিজনদের ভালোবাসা আর আশীর্বাদের মাঝে সম্পন্ন হল ছোট্ট ইয়ালিনির হাতেখড়ির অনুষ্ঠান। মায়ের কোলে বসেই জীবনের প্রথম অক্ষরের সঙ্গে পরিচয় হল তার। শুভশ্রী নিজেই সেই আবেগঘন মুহূর্তের ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তারকা সন্তান হলেও ইয়ালিনির এই সরলতা আর নিষ্পাপ উপস্থিতি যেন সকলের ঘরের মেয়ের মতোই আপন হয়ে উঠেছে।

হাতেখড়ির দিন ইয়ালিনির সাজ ছিল একেবারে নজরকাড়া। লাল পাড়ের সাদা শাড়ি আর লাল ব্লাউজে তাকে দেখাচ্ছিল ছোট্ট সরস্বতীর মতো। গলায় মায়ের সোনার হার, পায়ে আলতা আর কপালে ছোট্ট লাল টিপে বাঙালি ঐতিহ্যের ছাপ স্পষ্ট ছিল। কোলে নিয়ে বসেছিলেন শুভশ্রী, নিজেও সবুজ শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। মা মেয়ের এই দৃশ্য ছিল আবেগে ভরা। সাজ থেকে শুরু করে অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তেই ছিল পারিবারিক উষ্ণতা আর আন্তরিকতার ছোঁয়া।

এই বিশেষ দিনে উপস্থিত ছিল রাজ শুভশ্রীর বড় ছেলে ইউভানও। পুজোর আবহে মা আর বোনের কাছেই বসে ছিল সে। যদিও এদিন পঞ্জাবিতে দেখা যায়নি ইউভানকে, তবু ছোট্ট বোনের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে তার উপস্থিতি আলাদাই গুরুত্ব পেয়েছে। ভাই বোনের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই তা মন জয় করেছে অনুরাগীদের। অনেকেই মন্তব্য করেছেন, এই পরিবারের প্রতিটি ছবি থেকেই ভালোবাসা আর শান্তির বার্তা ছড়িয়ে পড়ে।

হাতেখড়ির ছবি ভাগ করে শুভশ্রী ক্যাপশনে লেখেন, আমাদের মা হাতেখড়ি। এই ছোট্ট বাক্যের মধ্যেই লুকিয়ে ছিল এক গভীর আবেগ। একজন মায়ের কাছে সন্তানের শিক্ষাজীবনের প্রথম দিন যে কতটা স্পেশাল, তা এই পোস্টেই স্পষ্ট। অভিনয় আর ব্যস্ত কাজের মাঝেও সন্তানের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়ার বিষয়টি বরাবরই প্রশংসিত হয়েছে শুভশ্রীর ক্ষেত্রে। ইয়ালিনির হাতেখড়ির মাধ্যমে সেই মমতাই আরও একবার ধরা পড়ল।

আরও পড়ুনঃ গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করবেন দেবলীনা নন্দী! প্রধান চরিত্রে অঙ্কিতা মল্লিকের সঙ্গে থাকবেন দিব্যাণী মন্ডল! মহুয়া রায়চৌধুরীর জীবনী ছবিতে বড় চমক!

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবার দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে আলাদা করে প্রিয়। ইউভান থেকে ইয়ালিনি, দুই সন্তানকেই ভালোবাসায় আগলে রাখেন এই তারকা দম্পতি। ইয়ালিনির হাতেখড়ির ছবি সেই ভালোবাসাকেই আরও এক ধাপ বাড়িয়ে দিল। ছোট্ট ইয়ালিনির শিক্ষাজীবনের এই প্রথম পদক্ষেপ যে আগামী দিনে আরও অনেক সুন্দর স্মৃতি তৈরি করবে, সেই আশাতেই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Back to top button