‘প’রকীয়া তো এখন আইনত অন্যায় নয়…’ উদয়ের মন্তব্যে কি বললেন অনামিকা? বাবা মা হওয়া নিয়ে কি পরিকল্পনা তারকা দম্পতির?

উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত দম্পতি। দীর্ঘদিনের প্রেমের পর গত বছর তাঁরা আইনি বিয়ে সেরে নতুন জীবন শুরু করেন। পর্দায় উদয় যখন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতায় রায়ান চরিত্রে আত্মপ্রকাশ করেন, তখন থেকেই অনামিকা সবসময় তাঁর পাশে থেকেছেন। শুধু স্ত্রী হিসেবে নয়, একজন অভিনেত্রী হিসেবেও তিনি উদয়ের কাজের প্রতিটি খুঁটিনাটি বুঝতে পারেন। তাই শুটিং সংক্রান্ত চাপ, চরিত্রের ওঠানামা কিংবা গল্পের মোড়, সব কিছু নিয়েই তাঁদের মধ্যে তৈরি হয়েছে এক গভীর বোঝাপড়া।

বর্তমানে পরিণীতার গল্পে বেশ টানটান উত্তেজনা। পর্দায় দেখা যাচ্ছে রায়ান বউয়ের উপর দারুণ রেগে রয়েছে, কারণ তার মনে হয়েছে অফিসের সিনিয়র পারুলের প্রতি সে আকৃষ্ট। অথচ কিছুদিন আগেই দেখা গিয়েছিল পারুল নিজেই খোঁজ করছিল রায়ানের গোপন প্রেমিকার। সেই সময় বুক ফুলিয়ে রায়ানের মুখে শোনা গিয়েছিল সংলাপ, পরকীয়া তো লিগ্যাল। এই সংলাপ রীতিমতো ভাইরাল হয়ে যায়। বাস্তব জীবনে এই সংলাপ নিয়ে অনামিকার প্রতিক্রিয়া জানতে চাইলে টলিফ্যাক্টসকে দেওয়া সাক্ষাৎকারে উদয় হাসতে হাসতে জানান, অনামিকা মজা করে বলেছিল, খুব তো রিলে পরকীয়া লিগ্যাল বলছো। তবে সে জানে, বাস্তবে এমন সাহস বা ইচ্ছা তাঁর নেই।

নিজেকে একজন জেন্টলম্যান হিসেবেই তুলে ধরেন উদয়। তাঁর কথায়, রিলে এমন সব কথা বলা বা কাজ করার সুযোগ থাকে, যা বাস্তবে কখনও করা সম্ভব নয়। অভিনয়ের মজা সেখানেই। বাস্তব জীবনে তাঁদের সম্পর্ক সম্পূর্ণ বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়ে। তাই পর্দার গল্প বাস্তবের সম্পর্কে কোনও প্রভাব ফেলে না। বরং অনামিকা রায়ান চরিত্রের নানা শেড উপভোগ করেন একজন দর্শক হিসেবেই।

তবে দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন, পর্দায় রায়ান আর পারুলের সম্পর্ক কোন দিকে যাবে। উদয় জানিয়েছেন, প্রেম থাকলেও গল্পে এখনও অনেক ক্ল্যারিটি আসা বাকি। সবুরে মোয়া ফলে এই নীতিতেই এগোচ্ছে গল্প। শেষে গিয়ে বড় টুইস্ট আসবেই, এমনকি গল্পে সময়ের লিপ, চুল সাদা হওয়া, সন্তানের আগমন সবই সম্ভব। পারুল চরিত্রে অভিনয় করা ঈশানীর সঙ্গেও উদয়ের দারুণ বোঝাপড়া, যা পর্দার কেমিস্ট্রিতে স্পষ্ট।

আরও পড়ুনঃ ‘আমি এখন নিজেই জুন আন্টি সেজে মিম পোস্ট করি, কত ফলোয়ার্স…’ নাক বেঁকিয়ে জুন আন্টির নকল! চরিত্রটিকে বাস্তব জীবনে কিভাবে উপভোগ করেন উষসী চক্রবর্তী?

অনেক সময় ধারাবাহিকের নায়ক নায়িকার কেমিস্ট্রি নিয়ে বাস্তব জীবনের সঙ্গীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। কিন্তু অনামিকার ক্ষেত্রে বিষয়টি একেবারেই উল্টো। পরিণীতার পুরো ইউনিটের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক, ঈশানীর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ বন্ডিং। শুটিংয়ের ফাঁকে তিনজন একসঙ্গে সময় কাটান। এই পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বই পরিণীতা টিমের সাফল্যের বড় চাবিকাঠি। দীর্ঘদিন ধরেই টিআরপি তালিকায় ভালো ফল করছে এই মেগা, চলতি সপ্তাহেও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরিণীতা।

Back to top button