উলটপুরাণের এক মিষ্টি গল্প! আসছে “নার্স” নায়ক আর “বাসচালক” নায়িকায় নতুন সমীকরণ! টেলিভিশনের পর্দায় আসছে রং রুট!

ছোটপর্দার গল্প বলার ধরন যে বদলাচ্ছে, তা এখন আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রতিদিনই দর্শক নতুন কাহিনি, নতুন চরিত্র আর ভিন্ন ভাবনার স্বাদ পাচ্ছেন। বড়পর্দার মতো ছোটপর্দাতেও বাস্তব জীবনের নানা দিক উঠে আসছে ভিন্ন আঙ্গিকে। সেই ধারাবাহিক পরিবর্তনের মাঝেই পরিচালক সুশান্ত দাস নিয়ে আসছেন এক নতুন ধারাবাহিক ভালবাসার রং রুট। এই গল্পে নায়ক বা নায়িকার পেশা একেবারেই চেনা ছকের বাইরে। এখানে নায়ক বিদেশফেরত বা গ্রামের জমিদার নন, তিনি একজন নার্স। আর নায়িকা কোনও গৃহবধূ বা অফিসকর্মী নন, তিনি একজন পেশাদার বাসচালক।

এই নতুন ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। তাঁর চরিত্রের নাম রেহান। ইন্দ্রনীলের কথায়, এই চরিত্রের জন্য তাঁকে আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে। নার্সের কাজের সূক্ষ্ম দিকগুলি আয়ত্ত করার চেষ্টা করছেন তিনি। রক্তচাপ মাপা, রোগীদের সঙ্গে কথা বলার ভঙ্গি, শুশ্রূষার সময় নার্সদের অঙ্গভঙ্গি সব কিছুই তিনি পর্যবেক্ষণ করছেন। আগে সুশান্ত দাসের পরিচালনায় কাজ করলেও এই চরিত্রটি তাঁর কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। রেহান পড়াশোনায় মেধাবী, চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিল সে, কিন্তু পারিবারিক বাস্তবতায় তাকে নার্সের পেশা বেছে নিতে হয়।

 

নায়িকার চরিত্রেও রয়েছে সমান চমক। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় আত্মপ্রকাশ করছেন নবাগতা মিষ্টি সিংহ রায়। তাঁকে দেখা যাবে একজন বাসচালকের ভূমিকায়। ছোটপর্দায় এমন চরিত্র সচরাচর দেখা যায় না বললেই চলে। মিষ্টি জানিয়েছেন, প্রোমো শুটের দিন তাঁর ভীষণ ভয় পেয়েছিল। সাধারণ গাড়ি চালানো আর বাস চালানোর মধ্যে আকাশপাতাল তফাৎ। তাই তিনি অংশ নিয়েছিলেন বিশেষ কর্মশালায়। বাস্তবে বাসে উঠে চালকদের কাজকর্ম লক্ষ্য করেছেন, কীভাবে স্টিয়ারিং ধরেন, কীভাবে রাস্তায় বাস সামলান সবটাই দেখেছেন কাছ থেকে।

 

গল্পের প্রেক্ষাপটে এই দুই ভিন্ন পেশার মানুষের জীবন, লড়াই আর ভালবাসা ধীরে ধীরে এক সুতোয় বাঁধবে। নার্স রেহান আর বাসচালক নায়িকার সম্পর্ক গড়ে উঠবে নানা বাধা আর সামাজিক ধারণার মধ্য দিয়েই। নির্মাতাদের দাবি, এই ধারাবাহিক শুধুমাত্র প্রেমের গল্প নয়, বরং কর্মজীবী মানুষের বাস্তবতা, আত্মসম্মান আর স্বপ্নের কথাও তুলে ধরবে। চরিত্রগুলোর মধ্যে রয়েছে লুকোনো আবেগ আর অজানা অতীত, যা গল্পকে আরও গভীর করবে।

আরও পড়ুনঃ ‘মিঠুনদা সেদিন আমার কলার ধরে…হাত পা কে’টে গিয়ে খুব ব্যথা পেয়েছিলাম’ শ্যুটিং ফ্লোরে পরিচালকের গা’লাগাল, অকথ্য ভাষায় অ’পমান! জমে থাকা ব্যথা ফুটে উঠলো সুমিত গাঙ্গুলীর কন্ঠে!

খুব শীঘ্রই সম্প্রচার শুরু হতে চলেছে ভালবাসার রং রুট। দর্শকেরা কতটা গ্রহণ করবেন এই উলটপুরাণের গল্প, সেটাই এখন দেখার। তবে নতুন ভাবনা আর সাহসী চরিত্রায়নের জন্য ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। ছোটপর্দায় নার্স নায়ক আর বাসচালক নায়িকার এই যাত্রা যে আলাদা ছাপ ফেলবে, সে আশা রাখছেন সংশ্লিষ্ট সকলেই।

Back to top button