‘আজকের পর থেকে দেবলীনাকে নিয়ে যেন কোনো ভিডিও না দেখি, কোন কমেন্টে রিপ্লাই যেন না দেওয়া হয়, এসব কলতলার ঝগড়া…’ সায়কের পোস্টের কমেন্টেই ভাইকে কড়া নিষেধাজ্ঞ দাদা সব্যসাচীর!

সম্প্রতি গায়িকা দেবলীনা নন্দীকে ঘিরে ঘটে যাওয়া আত্মহত্যা চেষ্টার ঘটনার পর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হয়েছে সমাজমাধ্যমে। দেবলীনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা, সমালোচনা এবং কটাক্ষ। এই ঘটনার রেশ ধরেই অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর নামও বারবার উঠে আসছে। দেবলীনাকে দেখতে হাসপাতালে যাওয়া থেকে শুরু করে পাশে থাকার ভিডিও ঘিরে একাংশ নেটিজেনের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে, যা ক্রমশ কুৎসিত মন্তব্যের দিকে এগোচ্ছে।

দেবলীনা নন্দীর দাম্পত্য কলহ এবং মানসিক যন্ত্রণার ঘটনাকে ঘিরে নেটিজেনদের একাংশ সায়কের উপস্থিতি নিয়ে সরাসরি অভিযোগ তুলতে শুরু করেন। কেউ কেউ দাবি করেন, সায়ক নাকি অন্যের সংসারে হস্তক্ষেপ করছেন। যদিও সায়ক নিজেই একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন, দেবলীনাদের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই বন্ধুত্বের এবং এই বিষয়টি তাঁর ভ্লগের দর্শকরাও দীর্ঘদিন ধরেই জানেন। তবুও নেতিবাচক মন্তব্য থামেনি।

এই পরিস্থিতিতেই এবার সামনে এল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তী, যিনি পেশায় একজন সাংবাদিক, তিনি প্রকাশ্যে ভাইকে দেবলীনা প্রসঙ্গে মুখ বন্ধ রাখার নির্দেশ দিলেন। সমাজমাধ্যমে সায়কের একটি পোস্টের কমেন্ট সেকশনে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, দেবলীনা নন্দীকে নিয়ে আর কোনও ভিডিও, মন্তব্য কিংবা বাইট যেন প্রকাশ না করা হয়। এমনকি পুরনো ভিডিওতেও কোনও নেতিবাচক মন্তব্যের জবাব দিতেও বারণ করেন তিনি।

সব্যসাচী চক্রবর্তীর বক্তব্যে উঠে আসে সোশ্যাল মিডিয়ার বাস্তব চিত্র। তিনি লেখেন, সমাজমাধ্যম কোনও কলতলার ঝগড়ার জায়গা নয়, এখানে যা হয় তা বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ে। কে কী বলছে তা নিয়ে আর কোনও প্রতিক্রিয়া না দেওয়াই শ্রেয় বলেই তিনি মনে করেন। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বোঝাতে চান, পরিস্থিতি যতই উসকানিমূলক হোক না কেন, সংযম বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি।

আরও পড়ুনঃ শারীরিক যন্ত্রণা থেকে মানসিক লড়াই! অবসাদ পেরিয়ে নতুন আলোয় সৌমিতৃষা! হঠাৎ কি হয়েছিল অভিনেত্রীর?

দাদার এই প্রকাশ্য বারণে কোনও দ্বিমত না দেখিয়ে সায়ক চক্রবর্তীর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল স্পষ্ট। তিনি শুধু লেখেন, ঠিক আছে। এই একটি শব্দেই বোঝা যায়, চলমান বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। দেবলীনা নন্দীর সুস্থতা নিয়ে যেখানে এখনও উদ্বেগ রয়েছে, সেখানে এই সিদ্ধান্ত পরিস্থিতিকে কিছুটা হলেও শান্ত করতে পারে বলে মনে করছেন অনেকে।

Back to top button