গাঁটছড়া থেকে বিদায় নিয়েছে পর্দার খড়ি, কিন্তু এখন কীভাবে নিজের সময় কাটাচ্ছেন শোলাঙ্কি?

টিআরপির লড়াইয়ে লাগাতারভাবে ভালো পারফর্ম করে একটা সময় নিজের সিংহাসন হারিয়ে পিছনের দিকের চেয়ারে গিয়ে বসতে হয়েছিল বাংলা সিরিয়াল ‘গাঁটছড়া’কে। ঋদ্ধিমান সিংহ রায় (অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়) এবং খড়ি সিংহ রায়ের (অভিনেত্রী শোলাঙ্কি রায়) সাংসারিক জীবনে অনেক ওঠানামা এসেছে। গল্পে নতুন মোচড় আনতে এবং দর্শক মনে ফের নতুন করে জায়গা তৈরি করতে মৃত্যু-মৃত্যু খেলাকেই বেছে নিয়েছে এই ধারাবাহিক।

বর্তমান ট্র্যাক অনুযায়ী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে খড়ি। তাই খড়ি ছাড়াই ‘গাঁটছড়া’র যাত্রা অব্যাহত। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক। তারপরের সামনে এলো অভিনেত্রীর সাথে স্টার জলসার চুক্তি শেষ হওয়ার বিষয়টি। আর সেই চুক্তি শেষ হতেই গাঁটছড়া ছাড়লেন খড়ি। তবে ধারাবাহিক বন্ধ হয়নি বরং শুরু হয়েছে এক নতুন অধ্যায়। বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে গল্প। নতুন প্রজন্ম বড় হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, নতুন প্রজন্মের গল্পে দেখা যাবে ওম সাহানি এবং ইন্দ্রাণী পালকে। যদিও কোনওটাই চূড়ান্ত হয়নি।

কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সমস্ত বিষয়টা খোলসা করে বলেন শোলাঙ্কি। বুঝিয়েও দিয়েছেন, শেষ হচ্ছে না সিরিয়াল। খালি তিনি নিজে সরে যাচ্ছেন। নায়িকা লেখেন, “কোনও কিছু চিরন্তন নয়, পরিবর্তন ছাড়া জীবন নয়। এক বছরের আমার এই পথ চলা শেষ হল। স্বপ্নের মতো লাগছে, একইসঙ্গে দুঃখিত আর আনন্দিত। এই পথে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দেখা হয়েছে— কেউ পরিবার হয়ে ওঠেছে, কেউ বন্ধু। কেউ ছেড়ে গিয়েছে আবার কেউ রয়ে গেছে। এ বার মুভ অন করার সময় এসেছে। পুরনোকে বিদায় জানিয়ে, নতুনকে আলিঙ্গন করার সময় এসে গিয়েছে।”

খড়ি ছাড়া ‘গাঁটছড়া’ এই বিষয়টাকে এখনো পুরোপুরি ভাবে মেনে নিতে পারছেন না ভক্তরা। এক সময় যার জন্য দর্শকরা এই ধারাবাহিকটি দেখতে সেই প্রধান অভিনেত্রী ছাড়া ধারাবাহিকে মন টিকছে না কারোরই এ প্রসঙ্গে তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন, “আমি নিশ্চিত, আমায় ছাড়াও গল্প দারুণ এগোবে। গল্পের এই নতুন মোড় ভাল লাগবে দর্শকের।”

আর কি তাঁকে ছোট পর্দায় দেখা যাবে না? বর্তমানে কী ভাবে সময় কাটাচ্ছেন শোলাঙ্কি? নায়িকার উত্তর, “সিরিয়াল চলাকালীন আমি নতুন বাড়িতে শিফ্‌ট করেছি। নিজের নতুন আস্তানাকে মনের মতো করে সাজাচ্ছি। আমার ছানা এসেছে, তার সঙ্গে সময় কাটাচ্ছি। আর ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করছি। আপাতত এটাই পরিকল্পনা আমার।” শোলাঙ্কি জানালেন, তিনি এই মুহূর্তে আর সিরিয়ালে অভিনয়ের কথা ভাবছেন না। আরও বেশি সিনেমায় অভিনয় করতে চান। আর কিছু দিন পরেই মুক্তি পাবে তাঁর অভিনীত সিনেমা ‘শহরের উষ্ণতম দিনে’। এই সিনেমায় তিনি জুটি বাঁধবেন অভিনেতা বিক্রমের সঙ্গে।

Back to top button