টলিউডে কাজের পাওয়ার জন্যই কি তৃণমূলে পার্নো মিত্র? অভিনেত্রীর হঠাৎ দল পরিবর্তন নিয়ে বিতর্ক! প্রশ্নের মুখে পর্নো!

গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই পার্নো মিত্রকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপিতে যোগ দেওয়ার ছয় বছর পর নিজের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, যে আশা আর ভাবনা নিয়ে তিনি বিজেপিতে গিয়েছিলেন, বাস্তবে তার সঙ্গে মিল ছিল না। সেই হতাশা থেকেই নতুন পথে হাঁটার সিদ্ধান্ত।

তবে পার্নোর দলবদলকে ঘিরে বিজেপি শিবিরের বক্তব্য আলাদা। তাদের দাবি, টলিউডে কাজ পাওয়ার সমস্যার কারণেই নাকি তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী। বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, বিজেপিতে যুক্ত থাকার পর অনেক অভিনেত্রী কাজ পান না। ফলে বাধ্য হয়েই তৃণমূলে যোগ দিতে হয়, যাতে কাজের সুযোগ ফিরে আসে।

এই অভিযোগ প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে পার্নো মিত্র স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও রকম সুবিধা নেওয়ার জন্য তৃণমূলে যোগ দেননি। মানুষের সমালোচনা থাকবেই, তা আটকানো সম্ভব নয় বলেই মনে করেন তিনি। তবে এসব মন্তব্যে কান দিতে রাজি নন অভিনেত্রী। তাঁর দাবি, সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং আদর্শগত।

ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে পার্নো জানান, বিষয়টি তাঁর হাতে নেই। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শেষ কথা। তিনি কোনও পদের জন্য আগ্রহী নন, দায়িত্ব পেলেই মন দিয়ে কাজ করবেন।

আরও পড়ুনঃ ‘টাকা পয়সা লেনদেন নিয়ে আমি যথেষ্ট সচেতন, পারিশ্রমিক…’- অভিনয় থেকে সংসার, ভারসাম্যে বিশ্বাসী কোয়েল মল্লিক!

২০১৯ সালের জুলাই মাসে বিজেপিতে যোগ দিয়ে বরাহনগর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন পার্নো। তখন তাঁর বিপক্ষে ছিলেন তৃণমূল নেতা তাপস রায়। সময় বদলেছে, রাজনৈতিক সমীকরণও বদলেছে। বর্তমানে ওই কেন্দ্রের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পার্নোর দীর্ঘদিনের অসন্তোষই যে অবশেষে তৃণমূলে যোগদানে পরিণত হল, তা এখন স্পষ্ট।

Back to top button