‘ প্রিয়জনকে হারানোর যন্ত্রণা’ উৎসবের আলোর মাঝে কেন এমন পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা

শহর জুড়ে আলো ঝলমলে সাজ। বড়দিন থেকে নতুন বছরের অপেক্ষায় ব্যস্ত মহানগর। চারদিকে উৎসবের আমেজ থাকলেও এই আনন্দ যে সবার জীবনে সমানভাবে ধরা দেয় না, সে কথাই আবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ঝলমলে আলোর আড়ালেই যে অনেক অদেখা কষ্ট লুকিয়ে থাকে, তা তুলে ধরেছেন তিনি তাঁর সাম্প্রতিক ভাবনায়।

উৎসবের মরশুম মানেই খুশির মুহূর্ত, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো। কিন্তু বাস্তবতা অনেক সময় অন্যরকম। কেউ প্রিয়জনকে হারিয়ে শূন্যতায় ভুগছেন। কেউ আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। আবার কেউ চাকরি হারিয়ে বা দূরে থাকা আপনজনদের কথা ভেবে মনখারাপের সঙ্গে লড়াই করছেন। এই সময়টাই তাঁদের কাছে সবচেয়ে কঠিন হয়ে ওঠে।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথাগুলিই তুলে ধরেছেন স্বস্তিকা। বরাবরই স্পষ্টভাষী অভিনেত্রী জীবনের নানা অনুভূতি অকপটে ভাগ করে নেন। কোনও বিষয়েই রাখঢাক করেন না তিনি। সমালোচনা বা কটাক্ষের তোয়াক্কা না করেই নিজের উপলব্ধি প্রকাশ করেন। সেই ধারাবাহিকতাতেই উৎসবের শুরুতে মানবিকতার বার্তা দিলেন তিনি।

স্বস্তিকা লিখেছেন যখন বড়দিনের আলো আর উৎসবের সুর চারপাশে ভেসে বেড়াচ্ছে তখন অনেক মানুষ নীরবে কষ্ট পাচ্ছেন। অর্থনৈতিক চাপ উদ্বেগ আর মানসিক লড়াই নিয়ে তাঁরা নিজেদের সামলে রাখার চেষ্টা করছেন। তাই এই সময়টায় সবাইকে একটু সংবেদনশীল হতে অনুরোধ করেছেন অভিনেত্রী। দয়া আর সহানুভূতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘জীবনকে আমরা নিজেই জটিল করে তুলি’ আচমকা কেন এমন মন্তব্য করলেন অভিনেত্রী দেবলীনা কুমার?

ক্রিসমাস থেকে বর্ষবরণ পর্যন্ত সময়কালে শহরের নানা প্রান্তে নানা ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতেই স্বস্তিকার এই বার্তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। উৎসবের উচ্ছ্বাসের মাঝেও যেন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভুলে না যাই, সেটাই তাঁর আবেদন। অনুরাগীরাও অভিনেত্রীর এই মানবিক উদ্যোগের প্রশংসায় সরব হয়েছেন।

Back to top button