“তুই নোংরা জায়গায় কাজ করিস” অভিনয়ে আসার মূল্য চুকিয়েছেন কটাক্ষে আর নিঃসঙ্গতায় উজি আরাত্রিকা

কয়েক মাস আগেও টেলিভিশন দুনিয়ায় আরাত্রিকা মাইতির নাম উঠে আসত মূলত তাঁর ব্যক্তিগত সম্পর্কের চর্চা ঘিরে। বিশেষ করে আর্য দাশগুপ্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চলেছিল নানা আলোচনা। সমাজমাধ্যমে একসঙ্গে ছবি, মন্তব্য আর উপস্থিতি ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। যদিও এই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে সিলমোহর দেননি আরাত্রিকা, তবু গুঞ্জন থামেনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবিগুলি উধাও হয়, ইনস্টাগ্রাম থেকে আনফলো করার বিষয়ও নজরে আসে অনুরাগীদের। শেষমেশ প্রশ্নের মুখে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কেরিয়ার ছাড়া এখন তাঁর জীবনে আর কিছুই অগ্রাধিকার পাচ্ছে না।
আরাত্রিকার বক্তব্যে বারবার উঠে এসেছে একটাই কথা, তিনি এখন শুধুই নিজের পেশাগত ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। প্রেম সম্পর্ক বিয়ে বিচ্ছেদ এসব নিয়ে মাথা ঘামানোর মতো সময় তাঁর হাতে নেই বলেই সাফ জানিয়েছেন অভিনেত্রী। অভিনয়ের জগতে নিজের জায়গা শক্ত করাই তাঁর একমাত্র লক্ষ্য। অথচ সেই লক্ষ্যের পথ যে এতটা কঠিন হবে, তা হয়তো আগে বুঝতে পারেননি। আলো ঝলমলে পর্দার আড়ালে যে বাস্তব লড়াই লুকিয়ে থাকে, সেটাই ধীরে ধীরে সামনে আনছেন তিনি।
এর মাঝেই নতুন করে শুরু হয় আর এক গুঞ্জন। নতুন মেগার সহ অভিনেতা অভিষেক বীর শর্মার সঙ্গে আরাত্রিকার সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়ে নানা কথা। জন্মদিনে পোলারয়েড ক্যামেরা উপহার দেওয়া থেকে শুরু করে মন্দারমণি সফরে একান্ত সময় কাটানোর গল্প ঘুরে বেড়াতে থাকে সমাজমাধ্যমে। এবার আর চুপ না থেকে এই প্রসঙ্গে মুখ খুলেছেন আরাত্রিকা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অযথা কৌতূহল তাঁকে বিরক্ত করে।
এই সাক্ষাৎকারে সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে তাঁর পরিবারের প্রসঙ্গ। আরাত্রিকা জানিয়েছেন, মা বাবা ছাড়া যৌথ পরিবারের প্রায় কেউই তাঁর অভিনয়ের পেশাকে সমর্থন করেন না। এমনকি নিজের এলাকার মানুষজনের কাছ থেকেও তিনি উৎসাহ পাননি। আশ্চর্যের বিষয়, একই এলাকার অন্য অভিনেত্রীদের প্রতি তাঁদের মনোভাব একেবারেই আলাদা। প্রকাশ্যে প্রশংসা আর সমর্থন পেলেও আরাত্রিকার ভাগ্যে জুটেছে কটাক্ষ আর অবজ্ঞা।
আরও পড়ুনঃ ‘যদি কিছু ভুল করে থাকি, ক্ষমা কোরো’ শেষ শুটিংয়েই কেন ভেঙে পড়েছিলেন ধর্মেন্দ্র
সবচেয়ে যন্ত্রণার জায়গা হল কিছু আত্মীয়ের মন্তব্য। আরাত্রিকার কথায়, অনেকে তাঁকে সরাসরি বলেছিলেন নোংরা জায়গায় কাজ করতে যাচ্ছিস। সেই কথাগুলো আজও তাঁকে তাড়া করে ফেরে। অথচ তিন নম্বর ধারাবাহিকের মুখ হয়েই বড়পর্দায় সুযোগ পেয়েছেন তিনি। বড়দিনে তাঁর প্রথম ছবি মুক্তি পেতে চলেছে। কিন্তু এই সাফল্যের পথেও মা বাবা ছাড়া পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তবু সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজের স্বপ্নের দিকেই এগিয়ে চলেছেন উজি আরাত্রিকা।

