‘যদি কিছু ভুল করে থাকি, ক্ষমা কোরো’ শেষ শুটিংয়েই কেন ভেঙে পড়েছিলেন ধর্মেন্দ্র

মৃত্যুর আগে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া একটি ভিডিয়ো ফের আবেগে ভাসাচ্ছে অনুরাগীদের। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের সেই শেষবেলার মুহূর্ত ধরা পড়েছিল ছবি ‘ইক্কিস’-এর শুটিংয়ের শেষ দিনে। সদ্য প্রকাশ্যে আসা সেই ভিডিয়ো দেখেই অনেকের মনে প্রশ্ন, কেন হঠাৎ এমন কথা বলেছিলেন তিনি। অনুরাগীদের চোখে জল এনে দিয়েছে অভিনেতার শান্ত অথচ ভারী কণ্ঠস্বর।
শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ ছবির শুটিং শেষে কেক কাটার সময়েই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছিল। সেখানে ধর্মেন্দ্র বলেছিলেন, এই ছবিতে কাজ করে তিনি খুবই খুশি। পরিচালক ও কলাকুশলীদের প্রশংসা করে তিনি জানান, ছবিটি অত্যন্ত যত্ন করে বানানো হয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ভারত ও পাকিস্তান দুই দেশের দর্শকই এই ছবি দেখবেন এবং গ্রহণ করবেন।
কেক কাটার পরেই অভিনেতা আবেগ ধরে রাখতে পারেননি। শান্ত গলায় বলেন, আজ মনটা একটু খারাপ কারণ শুটিং শেষ হচ্ছে। তার পরেই তিনি বলেন, আমি তোমাদের সবাইকে ভালবাসি। যদি কিছু ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলিই যেন আজ তাঁর অনুপস্থিতিতে আরও বেশি করে মন ভার করে তুলছে অনুরাগীদের।
গত ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। তার আগে ৩১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রায় কুড়ি দিন ধরে চলেছিল চিকিৎসা ও উদ্বেগ। বয়সকে কখনওই তিনি নিজের দুর্বলতা হতে দেননি। সমাজমাধ্যমে নিয়মিত কবিতা পাঠ, শায়রি ও নিজের ছবির মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি।
আরও পড়ুনঃ সবাই আমার প্রেম জানতে ব্যস্ত! কিন্তু কেউ জানে না পরিবারের সমর্থন ছাড়াই চলছি! ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে আরাত্রিকা
শেষ পোস্ট করা ভিডিয়োয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন ধর্মেন্দ্র। সকলের সুস্বাস্থ্য ও উন্নতির কামনা করেছিলেন। শোনা যায়, মেয়ে ঈশা দেওলের বিবাহবিচ্ছেদের খবর তাঁকে গভীরভাবে আঘাত করেছিল। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ও ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’র পর আগামী ১ জানুয়ারি মুক্তি পাবে তাঁর শেষ ছবি ‘ইক্কিস’, যা রয়ে যাবে স্মৃতির অমূল্য অংশ হয়ে।

