কলকাতার মেসি মূর্তি ঘিরে একদিকে উচ্ছ্বাস অন্যদিকে কটাক্ষ! ‘এযে হৃত্বিক রোশন…’- ঋত্বিকের মন্তব্যে নতুন বিতর্ক!

কলকাতা এখন পুরোপুরি মেসি উন্মাদনায় ভাসছে। শহরের অলিগলি থেকে বড় রাস্তা, সর্বত্র লিওনেল মেসির নামেই আলোচনা। কাজ ফেলে মানুষ ছুটছেন অনুষ্ঠান দেখতে, কেউ আবার বহুদিনের পরিকল্পিত ভ্রমণ পর্যন্ত বাতিল করছেন শুধুমাত্র প্রিয় ফুটবল তারকাকে এক ঝলক দেখার আশায়। ফুটবলপ্রেমী এই শহর যে কতটা আবেগপ্রবণ, তা আবারও প্রমাণিত।
মেসিকে স্বাগত জানাতে এবার একেবারে অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা। যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানের পাশাপাশি ভিআইপি রোডে বসানো হচ্ছে লিওনেল মেসির বিশাল মূর্তি। প্রায় সত্তর ফুট উচ্চতার এই মূর্তির দায়িত্বে রয়েছে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মাত্র চল্লিশ দিনের মধ্যেই সম্পূর্ণ হয়েছে এই বিশাল কাঠামোর কাজ, যার নেতৃত্ব দিয়েছেন শিল্পী মন্টি পাল।
মূর্তির ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে প্রবল আলোচনা। কেউ মুগ্ধ, কেউ বিস্মিত, আবার কেউ প্রশ্ন তুলেছেন শিল্পীসত্তা নিয়ে। মেসির আদলের সঙ্গে কতটা মিল রয়েছে তা নিয়েও মতভেদ স্পষ্ট। তবে এই উত্তেজনার মাঝেই একেবারে ভিন্ন সুরে মন্তব্য করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক লেখেন, কলকাতায় যে মেসির মূর্তি বসেছে, তা নাকি দেখলে হৃত্বিক রোশন খুব খুশি হবেন। এই এক লাইনের মন্তব্যেই যেন জল ঢেলে দিলেন মেসি ভক্তদের আবেগে। অনেকেই হাসির ইমোজি দিয়ে সহমত জানিয়েছেন, আবার কেউ কেউ অভিনেতার রসিকতাকে সমর্থন করেছেন।
আরও পড়ুনঃ অল্প বয়সেই হারিয়েছেন বাবা-মাকে! ছোটবেলায় জোটেনি ভালোবাসা! শোকের ছায়া পেরিয়ে আজ সাফল্যের আলো! কোন মন্ত্রে টলিপাড়ার রূপমঞ্জরী পল্লবী শর্মা?
শুধু ঋত্বিক নন, বহু নেটিজেনই মনে করছেন মূর্তির মুখাবয়বে মেসির চেয়ে বলিউড তারকার ছাপ বেশি। কেউ হৃত্বিক রোশন, কেউ আবার প্রাক্তন ক্রিকেটার অজিত আগারকারের সঙ্গে তুলনা টেনেছেন। সব মিলিয়ে কলকাতার মেসি মূর্তি এখন শুধু শ্রদ্ধার প্রতীক নয়, বরং বিনোদন এবং বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

