বাস্তব জীবনে প্রেম করছেন ‘পিলু’র রঞ্জা! কার সাথে সম্পর্কে জড়ালেন অভিনেত্রী ইধিকা পাল?

জানার আগ্রহ থাকলে এবং চোখ কান খোলা রাখলে রোজই দেখা যায় টেলিপাড়ায় তৈরি হচ্ছে নতুন জুটি। আবার কোথাও ঘটছে বিচ্ছেদ। এই ভাঙ্গা গড়া নিয়ে চলে যাচ্ছে দিন। সবে নতুন বছরের শুরু। এই শুভ লগ্নে খোঁজ মিললো এক দম্পতির। প্রকাশ্যে এলো এই জনপ্রিয় অভিনেত্রীর প্রেম কাহিনী।
বাস্তব দুনিয়ার কাঠিন্য থেকে বেরিয়ে এ যেন এক মন মুগ্ধকর পরিবেশ। চারিদিক পাহাড়ে ঘেরা৷ কে কোথায় নেই কোন হুশ, বরফ নিয়ে খেলতে ব্যস্ত বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা৷ কিন্তু ক্যামেরার নেপথ্যে কে? শোনা যাচ্ছে, টলিপাড়ার নামজাদা ফোটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বন্ধুত্ব জমেছে অভিনেত্রী ইধিকা পালের। শুধুই কি বন্ধুত্ব? কি বলছেন অভিনেত্রী?
বেশ ভালো মতোই একটা বন্ডিং তৈরি হয়েছে তাদের মধ্যে যার ফল স্বরূপ একসঙ্গে হিমাচলের ছিটকুলে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। এর আগে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তথাগতর। কিছু দিন আগে অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তার থেকেও আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন তথাগত।
যদিও এ প্রসঙ্গে প্রকাশ্যে কখনও তাঁরা কিছু বলেননি। অনুষার সঙ্গেও বিভিন্ন জায়গায় ফ্রেমবন্দি হয়েছেন তথাগত। তাঁর পাড়ার বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন অভিনেত্রী। এর মধ্যে আবার নতুন প্রেমের গুঞ্জন। এই নতুন গুঞ্জনে গা ভাসিয়েছে টেলিপাড়াও। তারাও জানতে চান এই মুহূর্তে হচ্ছেটা কি?

এদিন এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় ইধিকার। সত্যিই কি নতুন কোনও বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে তাঁদের? প্রশ্ন শুনেই হাসি রঞ্জার। শনিবারই ফিরেছেন হিমাচল থেকে। তিনি বলেন, “আমি ব্যাগটাও রাখিনি। এর মধ্যেই এই প্রশ্নটা আশা করিনি। কী উত্তর দিই বলুন তো? আমাদের আপাতত শুধুই বন্ধুত্ব। এখনই এত তাড়াতাড়ি কি কিছু বলা সম্ভব? এর থেকে বেশি এই মুহূর্তে কিছু বলতে চাই না।”

