‘আমার অসুস্থ মাকে আমি চিকিৎসার টাকাটুকু পাঠাতে পারিনি…’- কেরিয়ারের মধ্যগগনে ছয় বছরের লম্বা বিরতির কারণ কি? মুখ খুললেন অভিনেত্রী অলিভিয়া!

প্রায় ছ’বছর পর টেলিভিশনে ফিরলেন অভিনেত্রী অলিভিয়া সরকার। নতুন ধারাবাহিক মিলন হবে কত দিনে-তে নায়কের বোনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। দীর্ঘ বিরতির পরে আবার ছোটপর্দায় ফেরা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অলিভিয়া স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিরতি কোনও হঠাৎ সিদ্ধান্ত নয় বরং নিজের জন্য নেওয়া এক সচেতন পথচলা।
তিনি বললেন, একসময় মনে হতো সারাদিন যেন মেশিনের মতো কাজ করছেন। একই ছন্দে কাজ করে চলা তাঁর কাছে ক্লান্তিকর হয়ে উঠেছিল। তাই নিজেকে সময় দিতে ছোটপর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। যদিও এর ফলে আর্থিক চাপে পড়তে হয়েছিল, তবুও নিজের সিদ্ধান্ত থেকে একচুল নড়েননি তিনি।
অলিভিয়ার কথায় উঠে এসেছে সেই কঠিন বাস্তবের গল্প। একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি, কিন্তু দেড় বছরের বেশি রাখতে পারেননি। মায়ের শারীরিক অবস্থার কারণে নিয়মিত টাকা পাঠানোর প্রয়োজন ছিল, অথচ তিনি ঠিকমতো সাহায্য করতে পারছিলেন না। এই পর্বটা তাঁর জীবনে বড় পরীক্ষা হয়ে এসেছিল, তবু নিজের মনোবল ধরে এগিয়ে গেছেন।
আরও পড়ুনঃ আর্য অপর্ণার বিয়ের দিনই বড় বিপদ! নতুন শত্রুর আগমনে জমে উঠল ‘চিরদিনই তুমি যে আমার’! কার আগমন ঘটতে চলেছে ধারাবাহিকের পর্দায়?
তিনি বলেন, এই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে পারলে ভবিষ্যতের যে কোনও পরিস্থিতি সামলানো সম্ভব বলে বিশ্বাস তৈরি হয়। সমস্যার মাঝেও অন্তরে এক ধরনের শান্তি ছিল, কারণ নিজের ইচ্ছেই তাঁকে এই বিরতিতে ঠেলে দিয়েছিল। সেই জেদই তাঁকে টিকিয়ে রেখেছে।
এবার নতুন ধারাবাহিক নিয়ে দারুণ উচ্ছ্বসিত অলিভিয়া। চরিত্রটি একদম সাদামাটা নয়। নায়িকার ভাষায়, এটি না পুরোপুরি ইতিবাচক, না নেতিবাচক। চরিত্রের প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তি আছে, যা দর্শকদের ভাবাবে। এত দিনের পর এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে তিনি ভীষণ আনন্দ পাচ্ছেন।

