নতুন নায়িকাকে নিয়ে শুরু হলো জিতুর শুটিং! নতুন নায়িকার সঙ্গে কতটা ভাব জমালেন নায়ক? কবে থেকে নতুন জুটিকে দেখতে পাবেন দর্শক?

‘চিরদিনই তুমি যে আমার’-এর গল্প যেন ফের গতি পেল। টিআরপি বিতর্ক থেকে শুরু করে শুটিং ফ্লোরের অশান্তি—সব মিলিয়ে বেশ কিছুদিন ধরে ধারাবাহিককে ঘিরে চলছিল জোর গুঞ্জন। অবশেষে সেই জল্পনার মাঝেই বড় ঘোষণা, আবারও ‘আর্য’ হিসেবে স্ক্রিনে ফিরেছেন জিতু কামাল। ফিরে আসতেই একেবারে অ্যাকশন মুডে দেখা গেল তাঁকে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে বাইকে মেঘরাজের গাড়িকে ধাওয়া করছেন তিনি। প্রয়োজন পড়লেই বেরিয়ে আসছে পিস্তল। পুরনো ‘আর্য সিংহ রায়’কে আবার চিনে নিচ্ছে দর্শক।
তবে এই ব্রেক-থ্রুর মাঝেই বড় চমক। দিতিপ্রিয়া রায় আর থাকছেন না ‘অপর্ণা’র চরিত্রে। দীর্ঘ বিতর্কের পর অবশেষে আর্টিস্ট ফোরামের সঙ্গে কথা বলে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছেন মানসিক এবং শারীরিক অসুস্থতার কথা। শুরুতে তাঁকে দুই মাসের নোটিশ দেওয়া হলেও পরিস্থিতি বিবেচনা করে সেটা কমিয়ে আনা হয়েছে মাত্র পনেরো দিনে। তবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি সম্মতি দিয়েছেন বলেই সূত্রের খবর।
জিতুর ফিরে আসার পর ভেবেছিলেন সকলে পরিস্থিতি হয়তো বদলাবে। কিন্তু অভিনেতা লাইভে এসে নিজেই বলেছিলেন—কীভাবে একসঙ্গে কাজ হবে, তিনি নিশ্চিত নন। বাস্তবেও দেখা গেছে শেষ কয়েকদিন কোনও শটেই মুখোমুখি হননি জিতু এবং দিতিপ্রিয়া। ফলে দর্শকের কৌতূহল আরও বেড়েছে—সেটে ঘটল কী এমন, যে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছাল?
এদিকে গল্প কিন্তু থেমে নেই। অপর্ণাকে উদ্ধার করার লড়াইয়ে নেমে পড়েছে আর্য। আর এখানেই উঠছে বড় প্রশ্ন। অপর্ণাকে আর্য ফিরে পেলে, সেই চরিত্রে কি দেখা যাবে নতুন মুখ? ধারাবাহিকের ঘনিষ্ঠ সূত্র বলছে অভিনেত্রী প্রত্যুষা পালকে দেখা যেতে পারে এই ভূমিকায়। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।
আরও পড়ুনঃ একে অপরকে জড়িয়ে ধরে ১৫ বছর পার! প্রেম, বন্ধুত্ব, ভালোবাসায় বাঁধা গৌরব-ঋদ্ধিমা! বিবাহ বার্ষিকীতে গৌরবকে আবেগঘন বার্তা ঋদ্ধিমার!
এখন অপেক্ষা শুধু পরবর্তী পর্বের। আর্য কি পারবেন তাঁর অপর্ণাকে ফিরিয়ে আনতে? আর পর্দায় অপর্ণা নামেই কি ফিরবে অন্য কেউ? দর্শকের চোখ এখন পর্দায়, আর নাটকীয়তার মাত্রা ক্রমশ চড়ছে।

