টিআরপি টপে, তবু বন্ধের মুখে ‘চিরদিনই তুমি যে আমার’? ‘ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো’- কবিতায় নিজের কষ্টের জানান দিলেন জিতু!

টলিপাড়ার গন্ডগোল যেন থামতেই চাইছে না। জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার–এর সেট এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। টিআরপি তালিকায় ধারাবাহিকটি দুর্দান্ত পারফর্ম করলেও নায়ক–নায়িকার ব্যক্তিগত মনোমালিন্য দিন দিন আরও প্রকাশ্যে চলে আসছে। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নাকি সহ-অভিনেতা জিতু কমলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেই অনিচ্ছুক। রোমান্স দৃশ্য তো দূরের কথা, তিনি নাকি ‘টাচ’ নিয়েও কড়া শর্ত দিয়েছেন। অনেক দৃশ্যে তাই ডামি ব্যবহার করতে হচ্ছে, আর ফ্রেমে দু’জনকে একসঙ্গে খুব কমই দেখা যাচ্ছে।

দিতিপ্রিয়া মুখ খোলেননি, কিন্তু জিতু নিজের অবস্থান বারবার তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়ার বড় অংশও তাঁর দিকেই ঝুঁকেছে। এর মধ্যেই জিতুর একটি ইনস্টাগ্রাম স্টোরি নতুন করে জল্পনা বাড়িয়েছে। বাংলাদেশের কবি মাহবুব সর্দার সবুজের লেখা ‘আত্মার শান্তি’ কবিতা শেয়ার করেছেন তিনি। সেখানে লেখা রয়েছে, ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো, কারণ এতে কষ্ট থাকলেও অন্তরে শান্তি থাকে। সত্যের পথে হাঁটলে কারও ক্ষতি হয় না, বিবেকও শান্ত থাকে। এই লাইনগুলো দেখে অনেকেই ভাবছেন, জিতু কি পরোক্ষ বার্তা দিচ্ছেন দিতিপ্রিয়াকে?

এক মাস আগেই শুরু হয়েছিল এই অশান্তি। দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় জিতুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। দাবি করেছিলেন, জিতুর কিছু বার্তা এবং ইয়ার্কি তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। জিতু অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিলেন, দিতিপ্রিয়া ভুল বুঝেছেন। তখন প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় পরিস্থিতি সামলানো হয়েছিল।

কিন্তু সম্প্রতি আবার মাথাচাড়া দিয়েছে ঝামেলা। শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া নিয়মিত দেরি করে সেটে পৌঁছচ্ছেন এবং জিতুর অসুস্থতা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। নায়ক তাঁকে ছুঁতে পারবেন না – এমন শর্তও নাকি দিয়েছেন তিনি। তবে দিতিপ্রিয়ার মতে এসবই গুজব। অন্যদিকে জিতু দীর্ঘ পোস্টে জানিয়েছেন, তিনি শুনেছেন নায়িকা তাঁকে নাকি ‘কোনো নায়িকার সঙ্গে কাজের যোগ্য নন’ বলে দাবি করেছেন। আরও দাবি, ক্রিয়েটিভ টিমও ঘুরপথে তাঁকে কাজ ছাড়ার ইঙ্গিত দিয়েছে।

আরও পড়ুনঃ লীনা গাঙ্গুলীর ধারাবাহিকে সৌমির প্রত্যাবর্তন! ফের ছোট পর্দায় ফিরছেন মিঠাই? কি বলছেন অভিনেত্রী?

সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে দর্শকদের মধ্যেও প্রশ্ন উঠেছে – টিআরপি টপ করলেও কি তবে বন্ধ হতে চলেছে ধারাবাহিকটি? যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি, তবে গন্ডগোল থামছে না বলেই উদ্বেগ বাড়ছে টেলিপাড়ায়।

Back to top button