‘পরিণীতা’র একবছর পূর্তির মাঝেই দারুন সুখবর! ১১ বছরের প্রেমে পরিণতি! আইনি বিয়েতে সাতপাকে বাঁধা পড়ছেন ধারাবাহিকের নায়িকা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ এক বছরে পা দিতেই সিরিয়ালের পরিবারে এল আরও এক খুশির সুর। পর্দার পারুল নয়, বরং তার ঘনিষ্ঠ বন্ধু ‘সুমেধা’ চরিত্রে অভিনয় করা প্রিয়াঞ্জলি দাস সেরে ফেললেন আইনি বিয়ে। দীর্ঘ ১১ বছরের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিলেন প্রেমিক শান্তনু চক্রবর্তীকে জীবনসঙ্গী করে। ধারাবাহিকের বর্ষপূর্তির আবেগ যেন আরও বেড়ে গেল এই ব্যক্তিগত আনন্দে।
কে এই নববধূ? ভাবলে ভুল হবে যদি মনে হয় পর্দার পারুল, অর্থাৎ ঈশানী বাগচী বিয়ে করলেন। আসলে পর্দার পারুলের অফস্ক্রিন বন্ধু প্রিয়াঞ্জলিই শান্তনুর সঙ্গে সেরে ফেললেন সই-সাবুদ। বিয়ে, বাগদান ও মালাবদল—সবই সম্পন্ন হয়েছে একসঙ্গে। প্রেমের শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তবে একথা নিজেই জানালেন অভিনেত্রী—শুরু থেকেই তিনি সম্পর্কে চেয়েছিলেন কমিটমেন্ট। তাই সম্পর্ক এগোনোর আগেই সাফ জানিয়েছিলেন, “যদি বিয়ে করো, তবেই আমি আছি।”
বিয়ের দিন প্রিয়াঞ্জলির সাজ ছিল চোখ ধাঁধানো। নীল বেনারসি, সোনার অলংকার, লাল টিপ আর হালকা মেকআপে যেন আলাদা আভা ছড়াচ্ছিলেন অভিনেত্রী। শান্তনুও কম যান না—কাথা স্টিচের সাদা-গোলাপি পাঞ্জাবিতে ছিলেন দারুণ জমকালো। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পরিপাটি অনুষ্ঠানেই সম্পন্ন হয় তাঁদের আইনি বিয়ে এবং প্রতীকী মালাবদল।
এরই মাঝে ‘পরিণীতা’-র দলে ছিল আবেগের ঢেউ। বর্ষপূর্তির দিন সিরিয়ালের ‘রায়ানের দাদু’ আশুতোষ বসু (অভিনেতা সুব্রত গুহ রায়) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর অনুভূতি। শুরুতে কেউ কেউ সিরিয়ালের নাম দিয়েছিল ‘ফ্লপনিতা’—সেটাও মনে করিয়ে দিয়ে তিনি জানান, দর্শকের ভালোবাসাই তাঁদের শক্তি। এক বছরের পথচলা, চরিত্রগুলোর প্রতি মানুষের টান—সব মিলিয়েই তাঁর মনে আলো জ্বেলে দিয়েছে কৃতজ্ঞতার।
আরও পড়ুনঃ রায়ানের গাছ আর সোলার প্যানেলকে ছাপিয়ে গেল পারুল! ইতিহাস রচনা করলো সে! নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ডিন স্যার! দুর্ধর্ষ আজকের পর্ব!
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, রায়ান-পরুল যেমন দর্শকের আপনজন হয়েছে, আগামী দিনেও যেন সেভাবেই সবাইকে আনন্দ দিতে পারে এই পরিবার। সে পথকে আরও সুন্দর করে দিল প্রিয়াঞ্জলির বিয়ের সুখবর। ধারাবাহিকের সাফল্য আর ব্যক্তিগত জীবনের আনন্দ—দুটো মিলে যেন উৎসবের রঙে রং লাগাল ‘পরিণীতা’-র পরিবারে।

