‘আমার নিজের খুব একটা…’- অভিনয় জগতে কোয়েল কন্যা কাব্য! মেয়ের অভিনয় জগতে আসা নিয়ে কি বললেন টলিকুইন?

টলিউডের প্রিয় নায়িকা কোয়েল মল্লিক শুধু পর্দার নয়, বাস্তব জীবনেও এক নিবেদিত মা। গত ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পান তিনি। কোল জুড়ে আসে মেয়ে কাব্য— পরিবারের নতুন সদস্য, নতুন আনন্দের উৎস। এ বছরের পুজোয় প্রথমবারের মতো ছোট্ট কাব্যকে প্রকাশ্যে আনেন কোয়েল। তারপর থেকেই কোয়েল-কাব্য জুটি নেটিজেনদের নতুন পছন্দ। ছেলেকে নিয়েও যেমন কোয়েল প্রায়ই নিজের জীবনের গল্প ভাগ করে নেন, মেয়ের প্রসঙ্গেও এবার খোলাখুলি কথা বললেন টলি-কুইন।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়— কাব্য যদি বড় হয়ে মায়ের মতোই অভিনয়ের জগতে পা রাখতে চায়, তাহলে কোয়েলের প্রতিক্রিয়া কী হবে? অভিনেত্রী মৃদু হেসে বলেন, “নায়িকা হওয়া মানে অনেক বড় দায়িত্ব নেওয়া। এই পেশায় শুধু প্রতিভা নয়, প্রচুর নিষ্ঠা আর কমিটমেন্ট দরকার। কারণ আমাদের কাজ, সাফল্য বা ব্যর্থতা— সবটাই মানুষের চোখের সামনে ঘটে। তাই এই জায়গায় আসতে গেলে ভেতর থেকে ভালোবাসা আর দৃঢ়তা থাকা জরুরি।”
কোয়েল আরও বলেন, “আমি নিজে খুব ভাগ্যবতী, কারণ এই ইন্ডাস্ট্রিতে এসে মানুষের এত ভালোবাসা পেয়েছি। আজও যখন কোথাও যাই, মানুষ এমনভাবে আমাকে চিনে, যেন আমি তাঁদের পরিবারেরই একজন। এই অনুভূতির চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না।”
তবে মজার বিষয়, কোয়েল নিজের অভিনয়ে আসা নিয়ে জানালেন, সেটি মোটেই তাঁর পরিকল্পিত ছিল না। তিনি বলেন, “আমার নিজের কিন্তু খুব একটা আগ্রহ ছিল না। একেবারেই আকস্মিকভাবে সিনেমায় আসা। তখন স্কুলে পড়ি, প্রভাতদা প্রস্তাব দেন, কিন্তু মা-বাবা বলেননি— কারণ তাঁরা ভয় পেতেন, সিনেমার নেশা মাথায় ঢুকলে পড়াশোনার ক্ষতি হবে। পরে কলেজে গিয়ে অফার এলে বাবা একটা বড় লেকচার দিয়েছিলেন!”
আরও পড়ুনঃ ‘আমি সত্যিই বলব…রাত নটার পর ভুলেও বাড়ি থেকে বের হবে না!’ মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে কটাক্ষের মুখে তিথি বসু! হঠাৎ কেনো এমন বললেন অভিনেত্রী?
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান কবীর, আর ২০২৪-এ কাব্যের আগমনে সম্পূর্ণ হয় কোয়েল-নিসপালের পরিবার। এখন কোয়েল ব্যস্ত মাতৃত্ব, কাজ আর পরিবার— এই তিনের নিখুঁত ভারসাম্যে।

