‘কেউ খোঁজ রাখে না’—অসুস্থ জর্জ বেকার পাঁজর ভেঙে শয্যাশায়ী! জন্মদিন কাটল নিঃসঙ্গতায়!

প্রায় আট দশক পেরিয়েও আজও দর্শকের মনে এক বিশেষ জায়গা করে রেখেছেন অভিনেতা জর্জ বেকার। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি আড়ালে—না সিনেমার পর্দায়, না রাজনীতির মঞ্চে তাঁর দেখা মেলে। ২৮ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। তবে আনন্দের এই দিনটিও যেন এবার কিছুটা মলিন। কারণ, অসুস্থতার যন্ত্রণা ছাপিয়ে গিয়েছে জন্মদিনের আনন্দ।

জর্জ জানালেন, কিছু দিন আগে নিজের নিউ টাউনের বাড়িতেই ঘটে দুর্ঘটনা। হাতে ভারী জিনিস নিয়ে নামার সময় বেসমেন্টে পড়ে যান তিনি। সেই ধাক্কায় ভেঙে যায় তাঁর পাঁজরের দুটি হাড়। এখন প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি। তাই জন্মদিন নিয়েও ভয় কাজ করছে অভিনেতার মনে। তাঁর কথায়, “ভয়ে আছি। শরীর খুব খারাপ। এখন কেবল বিশ্রাম নিচ্ছি।”

এক সময় বাংলা ও হিন্দি—দুই ইন্ডাস্ট্রিতেই সক্রিয় ছিলেন জর্জ বেকার। তাঁর অভিনয়ের ধরণ, উপস্থিতি ও ব্যক্তিত্ব আজও দর্শকের মনে গেঁথে আছে। কিন্তু শেষবার তাঁকে দেখা গিয়েছিল অনীক দত্ত পরিচালিত বিখ্যাত ছবি ‘ভূতের ভবিষ্যৎ’ (২০১২)-এ। সেই ছবির পর থেকেই তিনি ধীরে ধীরে দূরে সরে যান ক্যামেরার আলো থেকে। এখন আর বড়পর্দায় ফিরতে আগ্রহী নন বলেই জানান তিনি।

জর্জ বলেন, “আমি আর অভিনয় করতে চাই না। মনে হয়, ইন্ডাস্ট্রিও আমাকে নিয়ে আগ্রহী নয়। কেউ বিশেষ খোঁজও রাখে না।” তাঁর কণ্ঠে যেন একচিলতে অভিমানও মিশে থাকে। রাজনীতির ক্ষেত্রেও একই গল্প—কখনও বিজেপি-র সদস্য হলেও, এখন আর সেই আগ্রহটুকুও নেই। বয়সের ভার, সঙ্গে শরীরের দুর্বলতা—সব মিলিয়ে এখন কেবল শান্তিতে দিন কাটাতে চান তিনি।

আরও পড়ুনঃ ‘ডাক্তারের ছেলে যখন ডাক্তার হয়, শিক্ষকের ছেলে যখন শিক্ষক হয় তখন নেপোটিজমের কথা বলা হয় না কেন? সব শুধু আমাদের বেলাতেই!’ নেপোটিজম নিয়ে বিস্ফোরক অভিনেত্রী চুমকি চৌধুরী!

আগে জন্মদিন মানেই ছিল বন্ধুদের ভিড়, হাসি-আড্ডা, কেক কাটা, আনন্দ। কিন্তু এ বছর অন্যরকম। কেউ আসছেন না, নেই উদযাপন। শুধুই নিঃশব্দ দিনযাপন আর নিজের সঙ্গে থাকা। তবু তাঁর শুভাকাঙ্ক্ষীরা একটাই কামনা করছেন—যেন প্রিয় এই অভিনেতা দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আর একদিন হয়তো আবারও দর্শকের সামনে ফিরবেন, সেই চেনা হাসিটা নিয়ে।

Back to top button