সৃজিত মুখোপাধ্যায় এবার ইংল্যান্ডে! শার্লক হোমসের গল্প নিয়ে নতুন উদ্যোগ! ইংরেজি ছবির পরিচালনায় পা রাখলেন পরিচালক!

বাংলা ও বলিউডের পর এবার আন্তর্জাতিক পরিসরে নিজের উপস্থিতি জানান দিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। রহস্য ও থ্রিলারই তাঁর হাতের খেলা, আর সেই ধারাতেই তিনি তৈরি করছেন ইংরেজি ছবি— ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ (Elementary My Dear Holmes)। লন্ডন থেকেই পরিচালক জানিয়েছেন, এই ছবিতে তিনি শুধু পরিচালক নন, সহ-প্রযোজক হিসেবেও যুক্ত থাকছেন।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ম্যাচকাট প্রোডাকশনস (সৃজিতের সংস্থা) এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড। আর্থার কোনান ডয়েলের জীবন ও তাঁর বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস— এই দুইয়ের মিশেলেই তৈরি হচ্ছে ছবির গল্প। শুরু হবে এক রহস্যজনক হত্যা দিয়ে— মিসেস গিলক্রিস্টের খুন। অভিযুক্ত অস্কার স্লেটারকে কেন্দ্র করে গড়ে উঠবে কাহিনির মূল সুর। এরপরের টানটান উত্তেজনা? সৃজিত এখনও মুখ খোলেননি, রহস্যই তাঁর মূল হাতিয়ার!
লন্ডনের গিল্ড হল থেকে কথা বলতে গিয়ে সৃজিত বলেন, “যে মানুষ আমার কল্পনাকে গোয়েন্দা সাহিত্যের দিকে টেনে নিয়েছেন, তাঁর জীবন নিয়েই গল্প বলতে চেয়েছি। কোনান ডয়েলের মধ্যেও রহস্য লুকিয়ে আছে, সেটাই দর্শকদের সামনে আনতে চাই।”
সহ-প্রযোজক শাহনাব আলমও উৎসাহিত। তাঁর মন্তব্য, “সৃজিতের কাজ আমি আগে থেকেই জানি। তিনি জাতীয় মানের পরিচালক, তাঁর ছবিগুলিতে সবসময় একটা গভীরতা থাকে। তাই এই ইংরেজি ছবিটিও আন্তর্জাতিক স্তরে দাগ কাটবে বলে বিশ্বাস করি।”
আরও পড়ুনঃ ধুমধাম করে বৌভাত! নিজের বৌভাতের আয়োজন নিজেই করলো স্বতন্ত্র! নতুনের এমন পরিবর্তনে হতবাক কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব
তবে সবচেয়ে বড় প্রশ্ন— শার্লক হোমস ও তাঁর সাহিত্যিক সহচর ডয়েলের ভূমিকায় কাকে দেখা যাবে? এই উত্তর আপাতত নিজের কাছে জমিয়ে রেখেছেন পরিচালক। রহস্যের আড়ালেই হয়তো লুকিয়ে আছে সৃজিতের পরবর্তী বড় চমক!

