দুই দশক পর ফের একসঙ্গে দুই উজ্জ্বল তারকা! একই পর্দায় ঋতুপর্ণা ও মমতা শঙ্কর! অনুপ দাসের ‘রেখা’য় দুই অভিনেত্রীর নতুন রসায়ন!

দুই দশকেরও বেশি সময় পর ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে দুই প্রজন্মের দুই শক্তিশালী অভিনেত্রীকে—ঋতুপর্ণা সেনগুপ্ত ও মমতা শঙ্করকে। শেষবার তাঁদের দেখা গিয়েছিল ঋতুপর্ণ ঘোষের কালজয়ী ছবি ‘উৎসব’-এ। এবার অনুপ দাসের নতুন ছবি ‘রেখা’-র হাত ধরে ফের একত্র হলেন তাঁরা। দীপাবলির সময় ভবানীপুরের এক পুরনো বাড়িতে চলছিল এই ছবির শুটিং, আর সেখানেই ধরা পড়েছে তাঁদের অসাধারণ রসায়ন।

ছবির নামেই লুকিয়ে রয়েছে চমক। কারণ, নামভূমিকায় রয়েছেন মমতা শঙ্কর। তাঁর চরিত্র ‘রেখা’ এক প্রবীণ অভিনেত্রী, একা থাকেন এক পুরোনো বাড়িতে। তাঁর সঙ্গেই দিন কাটায় পরিচারিকা—ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্র। দুই প্রজন্ম, দুই দৃষ্টিভঙ্গি, কিন্তু একই আবেগ—মানবিকতার গল্প বলতে চেয়েছেন পরিচালক অনুপ দাস। সামাজিক বার্তা ও সময়ের প্রতিফলন দুটোই মিলবে ‘রেখা’-য়, এমনটাই জানাচ্ছে ছবির সূত্র।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সায়ন মুন্সীও। ‘ডিয়ার মা’ ছবির পর ফের বাংলা ছবিতে ফিরছেন তিনি। সায়নের চরিত্রও ‘রেখা’-র জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে—বৃদ্ধার দেখাশোনার দায়িত্বে রয়েছে সেও। অন্যদিকে, ঋতুপর্ণার চরিত্র ‘বুলি’-কে ঘিরে আবেগ, দায়িত্ববোধ ও আত্মসম্মানের টানাপোড়েন নিয়েই এগোবে গল্প।

জানা গিয়েছে, এই চরিত্রে মূলত অভিনয় করার কথা ছিল অভিনেত্রী নাফিসা আলির। কিন্তু বর্তমানে ক্যানসারের চতুর্থ ধাপে লড়ছেন তিনি, তাই এই প্রকল্পে যুক্ত হতে পারেননি। তাঁর জায়গায় মমতা শঙ্করকে নেওয়া হয়, আর চরিত্রটি নিয়ে তিনি নিজেও বিস্মিত ও কৃতজ্ঞ। এক সাক্ষাৎকারে মমতা জানিয়েছেন, “নাফিসার জায়গায় আমাকে ভাবা হয়েছে, এটা এখনও বিশ্বাস করতে পারি না। এই সুযোগের জন্য আমি ছবির টিমের প্রতি সত্যিই কৃতজ্ঞ।”

আরও পড়ুনঃ বাবা মা দুজনের পদবী ব্যবহার করেন কঙ্কনা! ছেলের রামের বেলায় ‘হারুণ শোরে’! কেন নয় ‘সেন শর্মা’? কি বললেন অপর্ণা কন্যা?

অন্যদিকে, বহুদিন পর মমতার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ঋতুপর্ণা। শুটিং সেটে দু’জনের বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এবং হাসি-ঠাট্টা দেখে সকলেরই মনে হয়েছে—এই জুটির রসায়ন পর্দায় নতুন ম্যাজিক তৈরি করবে। দর্শকের প্রত্যাশা এখন একটাই—‘রেখা’ যেন বাংলা ছবির সেই হারিয়ে যাওয়া মানবিক সুরটিকে ফের ফিরিয়ে আনে।

Back to top button