শুটিং ফ্লোরে ঘটে গেল বিরাট দুর্ঘটনা! গুরুতর আহত বনি সেনগুপ্ত! কীভাবে ঘটল এই অঘটন? কেমন আছেন অভিনেতা?

নতুন ছবি ‘বানসারা’-র শুটিং করতে গিয়েই অঘটন ঘটল টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন হঠাৎই পায়ে গুরুতর চোট পান অভিনেতা। জানা গিয়েছে, গোড়ালির অংশে কেটে যায় বেশ খানিকটা জায়গা, ফলে মুহূর্তে রক্তে লাল হয়ে যায় বনির পা। ঘটনাস্থলেই উপস্থিত ছবির ইউনিট সদস্যরা তৎক্ষণাৎ বনিকে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনাটি ঘটে কলকাতার এক গোডাউনে, যেখানে পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘বানসারা’র শুটিং চলছিল। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায় বনির অনুরাগীদের মধ্যে। পরিচালক জানিয়েছেন, “সৌভাগ্যক্রমে এখন বনি সম্পূর্ণ সুস্থ আছেন। প্রযোজনা সংস্থার তরফে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।”

চোট পেলেও ভেঙে পড়েননি বনি। উল্টে তিনি জানালেন, “এই ছবির জন্য নিজেকে নতুন করে গড়ে তুলেছি। চরিত্রের প্রয়োজনে চুল ছোট করতে হয়েছে, ফিটনেসেও অনেক পরিশ্রম করেছি। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন হঠাৎ পায়ে আঘাত পাই, তবে এমন কিছু নয় যা আমাকে থামাতে পারে। একজন অভিনেতার কাছে এইরকম ছোটখাটো চোট কিছুই না, যতক্ষণ দর্শককে ভালো কিছু দিতে পারি।”

ছবির বেশিরভাগ শুটিং হচ্ছে পুরুলিয়ার জঙ্গলে। সেখানে তৈরি হয়েছে প্রায় চল্লিশ ফুট উঁচু দেবীর বিশাল মূর্তি—যা গল্পের কেন্দ্রবিন্দু। ছবিতে ‘বড়মা’র চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে, আর বনির চরিত্রের নাম অজিতেশ, একজন পুলিশ অফিসার যিনি এক রহস্যময় গ্রামের অন্তরালে লুকিয়ে থাকা সত্য খুঁজে বের করতে আসেন।

গল্প অনুযায়ী, পুরুলিয়ার এই ‘বানসারা’ গ্রাম ঘিরে রয়েছে রহস্য ও অলৌকিক বিশ্বাস। গ্রামবাসীদের ধারণা, বনদেবীই এখানকার নিয়ন্ত্রক শক্তি—যিনি অন্যায়কারীদের নিজেই শাস্তি দেন। তাঁর আদেশ পৌঁছে দেন বড়মা গৌরীকা দেবী, যিনি জমিদার পরিবারের একমাত্র মেয়ে। কিন্তু যখন অজিতেশ গ্রামে আসে, সে প্রশ্ন তোলে বড়মার অলৌকিক ক্ষমতা নিয়েই। দেবী সত্যিই আছেন, না কি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য—সেই উত্তরই মিলবে ‘বানসারা’-য়।

আরও পড়ুনঃ ‘মা হয়ে কেউ এমনটা করতে পারে?’- চার মাসের সদ্যোজাত মেয়েকে একলা ফেলে ধারাবাহিকে ফিরছেন অহনা দত্ত? সমালোচনার জবাব দিয়ে কি জানালেন অভিনেত্রী?

এই দুর্ঘটনার মধ্যেও বনির পেশাদারিত্ব এবং ছবির প্রতি দায়বদ্ধতা টলিউডে নতুন করে প্রশংসার জন্ম দিয়েছে। তাঁর এই দৃঢ়তা দেখেই বলাই যায়—‘অজিতেশ’-এর চরিত্রে একেবারে নিজের সেরাটাই দিতে প্রস্তুত বনি সেনগুপ্ত।

Back to top button