‘সুখে থেকো, ভালো থেকো…’ বড় পর্দার সেই গানের সঙ্গে হুবহু মিলে গিয়েছে দেব-শুভশ্রীর জীবন! রয়ে গেছে কেবল একে অপরের জন্য শুভকামনা!

দীর্ঘ ১০ বছরের অপেক্ষা। অবশেষে দর্শকদের সেই সকল অপেক্ষার অবসান হলো গত সোমবার নজরুল মঞ্চে। আগামী ১৪ ই আগস্ট ধূমকেতু ছবির প্রমোশনের জন্য একই সাথে একই মঞ্চে হাজির হলেন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। তাও আবার দীর্ঘ ৯ বছর পর। দীর্ঘ কয়েক বছর ধরে এই ছবি কোনো না কোনো কারণে মুক্তি পেতে দেরি হয়েছে। অবশেষে সেই সব বাধা কাটিয়ে উঠে ১৪ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধূমকেতু।
তবে গত সোমবার দেব-শুভশ্রীকে শুধুমাত্র একসঙ্গে দেখা গিয়েছে তা নয়, তারা একসঙ্গে ধামাদার পারফরমেন্সও করেছেন নিজেদের পুরনো ছবির গানে। একসঙ্গে আবার একে অপরকে জড়িয়ে নাচ করেছেন দর্শকদের জন্য। সেই সমস্ত ভিডিও ক্লিপ এখন সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মুহূর্তের মধ্যে।
তবে দুজনের এই একসাথে হওয়ায় একাধিক মুহূর্ত দর্শকদের চোখে জল এনে দিয়েছে। বিভিন্ন সময়ে তারাও অতীতের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাদের মধ্যে এতটাই সুন্দর সম্পর্ক ছিল যে হঠাৎ ব্যক্তিগত কারণে তাদের ছাড়াছাড়িটা কেউই মেনে নিতে পারেননি। দীর্ঘ ৪ বছর শুভশ্রী কাজ করতে পারেননি, মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন।
কিন্তু দীর্ঘ ৯ বছর পর মুখোমুখি হয়ে একে অপরের ভবিষ্যতের জন্য শুভকামনা করেছে দুজনেই। দেব জানিয়েছেন, ‘১০ বছর আগের আমি আর ১০ বছর আগের শুভশ্রী দুটোর মধ্যে পার্থক্য আছে। ১০ বছরটা জরুরী নয়, ১০ বছর পর যে আমরা ভালো আছি আমরা আমাদের বাবা-মা, ঘর সংসার, ক্যারিয়ার, সিনেমা, ফ্যান সবাইকে আগলে রেখেছি সেটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি। এটাই বড় কথা। স্মৃতি মুছে যায়, নতুন স্মৃতি আসে। তবে যেটা থেকে যায় সেটা হলো একে অপরের প্রতি সম্মান। তাই দশ বছর পিছনে না গিয়ে এখন দাঁড়িয়ে আমি বলতে চাই তুমি যেখানে আছো ভালো থেকো, ভালো কাজ করে যাও, ভগবানের কাছে প্রার্থনা করব তুমি সারা জীবন সুখে থাকো। এই জন্ম কেন পরের জন্মেও যেন ভালো থাকো।’
আরও পড়ুনঃ ‘অবিবেচকের মতন মাঝপথে কাজ ছেড়ে দিতে পারব না…অত্যন্ত আনপ্রফেশনাল’- দিতিপ্রিয়ার ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্তকে তুলোধোনা করলেন জিতু! কি বললেন অভিনেতা?
দেবের এই কথা পরিপ্রেক্ষিতে শুভশ্রী জানান, ‘এই দশ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। দেব একজন ব্যস্ত মানুষ, আমিও কাজ নিয়ে ব্যস্ত। আমি এখন অনেক ম্যাচিউর অনেক অভিজ্ঞতা এসেছে আমার জীবনে। দশ বছর আগে আমি কেমন ছিলাম সেটা আমার নিজেরও মনে নেই। তবে এই সময় দাঁড়িয়ে আমি বলতে চাই তুমি অসাধারণ কাজ করছো, সেটা চালিয়ে যাও। আমরা প্রত্যেকেই পৃথিবীতে এসেছি সুখে থাকতে। তাই আমরা যারা পজিটিভ মানুষ তারা সবাই চাই এই পৃথিবীতে যেন সবাই সুখে থাকে। বিশেষ করে দেবের জন্য আমি আরো চাইবো যাতে ও আরো সুখী হয়।’

