লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফির সঙ্গে এককালে ভাগ করে নিয়েছেন মঞ্চ! পেয়েছেন সাহিত্য একাডেমী পুরস্কার! আজ চরম অর্থাভাবে জর্জরিত “বড়লোকের বেটি লো” গানের জনপ্রিয় গায়িকা স্বপ্না চক্রবর্তী!

‘বড়লোকের বিটি লো’ ‘বলি ও ননদী’-র মতো একাধিক জনপ্রিয় গান গেয়ে সকলের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিলেন গায়িকা। তার গান মানেই ছিল সুপারহিট। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, হ্যাঁ এখানে বলা হচ্ছে জনপ্রিয় সংগীত শিল্পী স্বপ্না চক্রবর্তীর (Swapna Chakraborty) কথা। একসময় তার গাওয়া গানগুলি লোকের মুখে মুখে ছড়িয়ে ছিল। পাড়ায় পাড়ায় পুজোর প্যান্ডেল গুলিতে বাজত তার গান। বীরভূমের সিউড়ির সঙ্গীতশিল্পী স্বপ্না চক্রবর্তী। হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন তিনি? বর্তমানে কেমন আছেন তিনি?

স্বপ্না চক্রবর্তীর জন্ম হয় ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর, বীরভূমের দেরপুর গ্রামে। মাত্র ৭ বছর বয়স থেকেই সঙ্গীত চর্চা শুরু করেন অভিনেত্রী। পরবর্তীতে বিশ্বভারতীর সঙ্গীতভবনে ৫ বছর রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ নেন। কিংবদন্তী সংগীতশিল্পী ভূপেন হাজারিকা, ভি বালসারা, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের কাছ থেকে তিনি গানের তালিম নিয়েছিলেন। এক সময় মঞ্চ ভাগ করে নিয়েছেন লতা মঙ্গেশকর, মহম্মদ রফি, মান্না দে-এর মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে ৷ সত্তর-আশির দশকে স্বপ্না চক্রবর্তীর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। কিন্তু আজ সেই শিল্পীকেই কোনরকমে দিন কাটাতে হচ্ছে।

শিল্পীর কণ্ঠে আক্ষেপের সুর। স্বপ্না চক্রবর্তী বলেন, “এই গান দুটির ক্যাসেট সেই সময় প্রচুর বিক্রি হয়েছে ৷ গ্রামে গ্রামে অনুষ্ঠানের জন্য ডাক পেয়েছি ৷ একদিনে দুই থেকে তিনটে করে অনুষ্ঠান করেছি ৷ আমার এক অভিজ্ঞতা, গ্রামে একটি অনুষ্ঠানের পর মানুষজন আমাকে ছুঁয়ে দেখতো, ‘এ তো মানুষ’ বলতো ৷ মানে মানুষই নয়, এমন জনপ্রিয়তা আমার ৷ আমার ক্যাসেট বিক্রি দেখে লতা মঙ্গেশকর বলেছেন, ‘বাংলার মেয়েটি কে, যার ক্যাসেট আমার থেকেও বেশি বিক্রি হচ্ছে । আমি দেখা করতে চাই’ । পরে লতাজীর সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল । উনি অনেক সুনাম করেছিলেন ৷ এক মঞ্চে গানও করেছি আমরা ৷”

মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, অনুপ জলোটার মতো জনপ্রিয় কিংবদন্তী শিল্পীদের সঙ্গে এক মঞ্চে গান করেছেন তিনি। এমনকি, বাংলাদেশ থেকেও একাধিকবার অনুষ্ঠানের জন্য ডাক পেয়ে গিয়েছিলেন শিল্পী৷ ওপার বাংলায় আজও তাঁর গান ব্যাপক জনপ্রিয়। কিন্তু সেই জনপ্রিয়তা যেন আজ হারিয়ে গিয়েছে। এভাবে একজন প্রতিভাসম্পন্ন শিল্পী হারিয়ে যাবে সেটা কেউই কল্পনা করতে পারছেন না।

আরও পড়ুনঃ ‘বাবা মায়েরা মনে করে আমার মেয়েই নায়িকা, ওদের জন্য আবার আলাদা রুম চাই! এদেরকেই এক সময় ছুঁড়ে ফেলে দেয় ইন্ডাস্ট্রি!’ বর্তমান সময়ের নবাগতা অভিনেত্রীদের নিয়ে মুখ খুললেন তনিমা সেন!

ভারতীয় চলচ্চিত্র প্রচার সমিতি স্বপ্না চক্রবর্তীকে ‘মান্না দে স্মৃতি পুরষ্কার’ ও ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করা হয়েছে ৷ 1975 সালে প্রথম আকাশবাণী থেকে ‘বি-হাই’ শিল্পী হিসাবে সম্মানিত হন স্বপ্না চক্রবর্তী ৷ এছাড়াও ১৯৯০ সালে তিনি ‘সাহিত্য অকাদেমি’, ‘উত্তম’ পুরস্কার পেয়েছেন। ১৯৯২ সালে পেয়েছেন ‘লোক সঙ্গীতে বাংলার গৌরব সম্মান’, ১৯৯৪ সালে ‘শৈলজানন্দ স্মৃতি’ পুরস্কারে সম্মানিত করা হয় তাকে’, ১৯৯৫ সালে বঙ্গীয় সঙ্গীত পরিষদ তাঁকে ‘লোকসঙ্গীত সম্রাজ্ঞী’ সম্মান প্রদান করে। পেয়েছেন ত্রিপুরার শ্রেষ্ঠ পল্লীগীতি সম্মান, বাংলাদেশের ঢাকা সম্মেলনী তাঁকে ‘পল্লীকন্যা’ পুরস্কার দিয়েছে। সেই শিল্পীর এখন অতি কষ্টে দিন কাটছে।

Back to top button