“পেনসিল আর রবার বাকি!”— প্রথম প্রমোতেই সমালোচনার মুখে স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিক! টমবয় নায়িকা, অদ্ভুত নাম! নাম শুনেই নেটপাড়ায় হাসির রোল!

এবার স্টার জলসা আনছে তাদের নতুন ধারাবাহিক ‘কম্পাস’ (Compass)। দুই চ্যানেলে সদ্য শুরু হওয়া ‘দাদামণি’ আর ‘রাণী ভবানি’র মাঝেই এই নতুন ঘোষণায় চমকে গিয়েছেন অনেকেই। তবে নাম শুনেই কপালে ভাঁজ পড়েছে নেটিজেনদের একাংশের। প্রথম ঝলকে দেখা গেল এক কলেজ ক্যাম্পাসের দৃশ্য। সেখানে রোলার স্কেট পরে হেঁটে আসছেন এক তরুণী। লুকেই স্পষ্ট, তিনি টিপিক্যাল ধারাবাহিকের নায়িকা নন।
ছোট ছোট চুল, কালো ফ্রেমের চশমা, গলায় মাফলার আর গায়ে সোয়েটার। নেই কোনও মেকআপ বা লিপস্টিকের চিহ্ন। একেবারে বাস্তব ঘরানার এক ‘টমবয়’ চরিত্র তুলে ধরতে চাইছেন নির্মাতারা, এমনটাই ধারণা। এমন প্রেক্ষাপটে ঠিক কী গল্প বলবে ‘কম্পাস’, তা এখনই বোঝা মুশকিল, তবে ব্যতিক্রমী লুকই এই ধারাবাহিকের মূল আকর্ষণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই নায়িকা কে?
তবে ‘কম্পাস’-এর চরিত্রে যাঁকে দেখা গেল, তিনি মোটেও ইন্ডাস্ট্রির চেনা মুখ নন! এখন সবার মনেই কৌতুহল কে এই অভিনেত্রী? জানা গেছে, মুখ্য চরিত্রে থাকছেন পর্ণা চক্রবর্তী। বিজ্ঞাপন দুনিয়ার পরিচিত মুখ হলেও, ধারাবাহিকে এটিই তাঁর প্রথম কাজ। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। ছোট পর্দায় তাঁর আত্মপ্রকাশ কেমন হবে, সেটাই এখন দেখার।
দর্শকের প্রতিক্রিয়া অবশ্য খুব মিশ্র। প্রোমো মাত্র ১০ সেকেন্ডের হলেও, সেটাই যেন অনেকে এক ঝলকে নাকচ করে দিয়েছেন। নেটিজেনদের ব্যাঙ্গ যেন কিছুতেই থামছে না! কেউ লিখেছেন, ‘পেনসিল, রবার, স্কেল সব নিয়ে আসুন এবার!’ কেউ আবার মন্তব্য করছেন, ‘নামটা ভুল করে “কম্পাস” রাখা হয়েছে, আসলে তো “ক্যাম্পাস” হবার কথা ছিল!’ কেউ ঠাট্টা করে বলছেন, ” ‘কম্পাস’ কেন? পেনসিল বক্স বা জ্যামিতি সেট রাখলেই পারত!”
আরও পড়ুনঃ ছবি বিশ্বাসের জন্য সারারাত লুকিয়ে ছিলেন দুলাল লাহিড়ী! সেই রাতের ঘটনায় কেঁপে উঠেছিলেন তরুণ দুলাল লাহিড়ী! আড়ালে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী, কী দেখেছিলেন দুলাল সেদিন?
সব মিলিয়ে শুরুতেই একরাশ ট্রোল আর কৌতুকের মাঝে পথ চলা শুরু করল ‘কম্পাস’। এই ধারাবাহিক প্রযোজনা করছে টেন্ট, যারা এর আগেও একাধিক সফল প্রজেক্ট দর্শকদের উপহার দিয়েছে। তবে এবার চ্যালেঞ্জ একটু বেশিই। দর্শকদের মন জয় করতে গেলে শুধু ব্যতিক্রমী লুক নয়, দরকার জমাটি গল্প আর মন ছুঁয়ে যাওয়া অভিনয়। ‘কম্পাস’ কি পারবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে? আপাতত সে দিকেই চোখ টেলিভিশনপ্রেমীদের।

