‘ধর্মের নামে চ্যাংড়ামি…’ দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মানসী সিনহা!

অক্ষয়তৃতীয়ার পুণ্যতিথিতে দ্বারোদ্ঘাটন হল দিঘার জগন্নাথ মন্দিরের। তার আগে জগন্নাথের দুই বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হয়ে গিয়েছে। প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রাধাকৃষ্ণের মূর্তিতেও। এর পর বেলা ৩ টের পরে মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) হাতে মন্দিরের দ্বারোদ্ঘাটন হল। বুধবার সকাল ১১টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে নিমকাঠের তৈরি জগন্নাথের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হয়। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে নানা মুনির নানা মত শোনা গিয়েছে। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে টলিউডের (Tollywood) এক ঝাঁক তারকা উপস্থিত ছিল মুখ্যমন্ত্রীর পাশাপাশি।

তবে এবারে দিঘার এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী মানসী সিনহা। ‘অনেকেই বলছেন জগন্নাথ সমুদ্রে ভেসে এসেছেন, কেউ আবার বলছেন, শ্রী চৈতন্য নাকি হেঁটে আসবেন সমুদ্রের ওপর দিয়ে? এগুলো কি ইয়ার্কি হচ্ছে। আমি রীতিমতো অবাক। শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপ্রেমে জগন্নাথ জগন্নাথ করতে সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন। তাঁর সঙ্গে পুরীর যে সম্পর্ক, তা কি কখনো ভোলা যায়। সমুদ্রে নাকি তিনি (প্রভু জগন্নাথ) ভেসে এসেছেন। এগুলো তো ধর্মের নামে চ্যাংড়ামি, এগুলো একদম সহ্য করা যায় না।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথকে নিয়ে কত ইতিহাস, কত মহিমা। তিনি পুরীতেই তো আসল। চার ধামের একটা পুরীর মন্দির।’ তাঁর কাছে জগন্নাথ দেবের মাহাত্ম্য পুরীতেই, আর দিঘা মানে শুধুই সমুদ্র। আর কলকাতায় বসে জগন্নাথ দর্শনের ইচ্ছে হল, তাঁর গন্তব্য হয় খিদিরপুরের জগন্নাথ মন্দির।

বুধবার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টলিউডের দুই আইকন দেব ও প্রসেনজিৎ। এছাড়াও ছিলেন নচিকেতা চক্রবর্তী, অরিন্দম শীল, জিৎ গঙ্গোপাধ্যায়রা। তৃণমূলে যোগ দেওয়া তারকা জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা, সায়নীরাও এদিন উপস্থিত ছিলেন নবনির্মিত জগন্নাথ মন্দিরে।

আরও পড়ুনঃ জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে রসিকতা! সোশ্যাল মিডিয়ায় ছুঁড়ে দিলেন কটাক্ষ! সমালোচনায় মুখে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী!

বুধবার সকাল থেকেই সাজ সাজ রব ছিল দিঘায়। জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনকে কেন্দ্র করে সেজে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এই সৈকতশহর। গোটা শহর রঙিন আলোয় সেজেছিল। তার পরে ৫৬ ভোগ অর্পণ করা হয় জগন্নাথের উদ্দেশে। সেখানে নানা পদের সঙ্গে আছে গজা, পেঁড়া, রসগোল্লার মতো মিষ্টিও।

Back to top button